প্রাথমিক শিক্ষকদের নবম গ্রেডে উন্নীত করতে কাজ করছে সরকার: ববি হাজ্জাজ
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন গ্রেড নবম গ্রেডে উন্নীত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
রোববার (২৮ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, রংপুর-৬ আসনের সংসদ সদস্য মাওলানা নুরুল আমিন সংসদে প্রাথমিক শিক্ষকদের বর্তমান ১৩তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীত করার দাবি তুলেছেন। আমরা শিক্ষকদের গ্রেড নিয়ে আলোচনা করছি এবং তাদের নবম গ্রেডে উন্নীত করার লক্ষ্যে কাজ করছি।
ববি হাজ্জাজ জানান, ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন-ভাতার জন্য ২০ হাজার ৪২৮ কোটি ৬৮ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।
তিনি বলেন, শিক্ষকদের নবম গ্রেডে উন্নীত করা হলে সরকারের অতিরিক্ত ১ হাজার ৫০০ থেকে ২ হাজার কোটি টাকা ব্যয় হবে। এ ব্যয় নির্বাহের জন্য প্রয়োজনীয় অর্থের সংস্থানও প্রস্তাবিত বাজেটে রাখা হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, শিক্ষকদের মর্যাদা ও আর্থিক অবস্থার উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং সে লক্ষ্যেই প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।
মতামত দিন