সাংবিধানিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশের এমন একটি সাংবিধানিক ব্যবস্থা প্রবর্তন করতে হবে, যার মাধ্যমে ভবিষ্যতে কোনো সামরিক স্বৈরাচারের উৎপত্তি হবে না, কোনো স্বৈরাচারী শক্তির উত্থান হবে না এবং ফ্যাসিবাদী বা পেশিশক্তিও মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার পাশাপাশি সাম্যভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা নিশ্চিত করাই এর লক্ষ্য। তিনি বলেন, এ ধরনের একটি রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে বর্তমান সরকার কাজ করছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নগরের শাহী ঈদগাহ এলাকায় সিলেট জেলা শিল্পকলা একাডেমী অডিটোরিয়ামে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী ও দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এমপি।
সিলেট জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন পাট ও বস্ত্র, শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
বিএনপির ইতিহাসকে আন্দোলন, গণতন্ত্র প্রতিষ্ঠা ও মানুষের ভাগ্য পরিবর্তনের ইতিহাস হিসেবে উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও ১৯ দফা কর্মসূচির ভিত্তিতে বিএনপি জনগণকেন্দ্রিক ও জনকল্যাণমূলক রাজনীতি করে।
নারীশিক্ষার অগ্রগতি, উপবৃত্তি ও অবৈতনিক শিক্ষাসহ বিভিন্ন কর্মসূচির কথাও তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। যুবকদের কর্মস্পৃহা ও উৎপাদনশীলতা বাড়াতে বিএনপি বিভিন্ন উদ্যোগ নিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
ওয়ান-ইলেভেন-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, পরবর্তী সময়ে দেশে স্বৈরাচারী ও ফ্যাসিবাদী শক্তির উত্থান ঘটেছিল। ছাত্র-জনতার আন্দোলন ও আত্মত্যাগের মধ্য দিয়ে দেশ আবার গণতন্ত্র প্রতিষ্ঠার পথে এগিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
বর্তমান বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে তিনি বলেন, বিএনপি এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চায়, যেখানে বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হবে এবং জনগণের অধিকার ও মর্যাদা নিশ্চিত হবে। এ লক্ষ্য অর্জনে সাংবিধানিক সংস্কারের প্রয়োজন রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
২০২৪ সালের গণঅভ্যুত্থানে নিহতদের আত্মত্যাগের কথাও স্মরণ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শহীদদের স্বপ্ন এবং জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বিএনপির আদর্শ বাস্তবায়নের মধ্য দিয়েই একটি বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
তারেক রহমান ঘোষিত ‘আই হ্যাভ এ প্ল্যান’ কর্মসূচির প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, পরিবার কার্ড, কৃষক কার্ডসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। সমাজের সর্বস্তরের মানুষকে রাষ্ট্রীয় স্বীকৃতি ও মর্যাদা দেওয়ার ওপরও গুরুত্ব দেন তিনি।
ইমাম-মুয়াজ্জিন, বিভিন্ন ধর্মের পুরোহিত এবং উপাসনালয়ের দায়িত্বশীল ব্যক্তিদের রাষ্ট্রীয় সম্মান দেওয়ার উদ্যোগ অব্যাহত রাখার কথা জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, সবার মর্যাদা নিশ্চিত করে একটি জনকল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠাই তাদের লক্ষ্য।
সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী এমপির সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন এম এ মালেক এমপি, সিলেট ওয়াসা বোর্ডের চেয়ারম্যান ও বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, জেলা পরিষদের প্রশাসক আব্দুল কাহের চৌধুরী শামীম, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, জালালাবাদ গ্যাসের পরিচালক বদরুজ্জামন সেলিম, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, বিএনপির সহ ক্ষুদ্রঋণ ও কুঠিরশিল্প বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ প্রমুখ।
মতামত দিন