Views Bangladesh Logo

অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিতে সরকার কাজ করছে: ববি হাজ্জাজ

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার এমন একটি অন্তর্ভুক্তিমূলক শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে, যেখানে কোনো শিশু পিছিয়ে থাকবে না এবং প্রত্যেকের জন্য সমান সুযোগ নিশ্চিত করা হবে। তিনি বলেন, শারীরিক বা অন্য যেকোনো সীমাবদ্ধতা কোনো শিশুর স্বপ্নপূরণের পথে বাধা হতে পারে না। পরিবার, বিদ্যালয়, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত উদ্যোগে প্রতিটি শিশুর মেধা ও সম্ভাবনার বিকাশে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) মিলনায়তনে ইমপ্রেস টেলিফিল্মের আয়োজনে দুই হাতহীন মেধাবী তরুণী আয়েশাকে নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ‘পায়ের ছাপ’-এর বিশেষ প্রদর্শনী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, অধ্যবসায়, নিয়মিত পড়াশোনা ও আত্মবিশ্বাসই শিক্ষার্থীদের সফলতার মূল চাবিকাঠি। মনোযোগ দিয়ে পড়াশোনা করলে একজন শিক্ষার্থী ভবিষ্যতে চিকিৎসক, বিজ্ঞানী, শিক্ষক, মহাকাশচারী কিংবা দেশের সর্বোচ্চ দায়িত্বশীল পদেও পৌঁছাতে পারে।

আয়েশার সংগ্রাম ও সাফল্যের কথা উল্লেখ করে ববি হাজ্জাজ বলেন, দৃঢ় মনোবল থাকলে যেকোনো প্রতিকূলতাকে জয় করা সম্ভব, যার উজ্জ্বল উদাহরণ আয়েশা। তবে এমন সাফল্য যেন ব্যতিক্রম না থেকে দেশের প্রতিটি শিশুর জন্য অনুপ্রেরণা হয়ে ওঠে, সে জন্য পরিবার, সমাজ ও রাষ্ট্রকে একযোগে কাজ করতে হবে।

তিনি আরও জানান, প্রধানমন্ত্রী আয়েশাকে গাইবান্ধা বিআইএএম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে ক্লাস সুপারভাইজার পদে নিয়োগ দিয়েছেন। এ সিদ্ধান্তকে মেধা, যোগ্যতা ও মানবিক মূল্যবোধের প্রতি সরকারের অঙ্গীকারের প্রতিফলন উল্লেখ করে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

অনুষ্ঠানে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, তেজগাঁও অঞ্চলের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ