Views Bangladesh Logo

ব্যয় সংকোচনে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার

রাষ্ট্রীয় ব্যয় সংকোচন, জ্বালানি সাশ্রয় এবং পুলিশ বাহিনীর জনবল ও যানবাহনের সংকট বিবেচনায় ১৮ জন মন্ত্রীর জন্য বরাদ্দ পুলিশের বিশেষ মুভমেন্ট এসকর্ট প্রত্যাহার করেছে সরকার। সিদ্ধান্তটি ইতোমধ্যে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কার্যকর করেছে।

সরকারি সূত্র জানায়, বর্তমানে শুধু ১৪ জন গুরুত্বপূর্ণ ব্যক্তি পুলিশের এসকর্ট সুবিধা পাচ্ছেন। একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানও নিজের নিরাপত্তা প্রটোকল কমিয়ে চারটি এসকর্ট গাড়ির পরিবর্তে দুটি ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছেন।

সরকারের একটি উচ্চপর্যায়ের সূত্র জানায়, যেসব মন্ত্রীর জন্য এসকর্ট আর প্রয়োজন নেই বলে বিবেচিত হয়েছে, তাদের এসকর্ট প্রত্যাহারে স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী। গত সপ্তাহে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এ বিষয়ে ডিএমপিকে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

ডিএমপির এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, এখন থেকে শুধু প্রয়োজনীয় ব্যক্তিদেরই ঢাকার ভেতরে চলাচলের সময় এসকর্ট দেওয়া হবে। তবে সরকারি সফরে ঢাকার বাইরে গেলে মন্ত্রীরা আগের মতোই গানম্যান, হাউস গার্ড ও পুলিশের বিশেষ নিরাপত্তা পাবেন।

এসকর্ট সুবিধা প্রত্যাহার হওয়া মন্ত্রীদের মধ্যে রয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আহমেদ আজম খান, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা, বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, শ্রম ও প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, কৃষি ও মৎস্যমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আসাদুল হাবিব দুলু, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকীর মাহবুব আনাম এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

পুলিশ সূত্র জানায়, বর্তমানে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও অন্যান্য ভিআইপিদের নিরাপত্তায় ঢাকায় ১ হাজার ৬৯১ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। একজন মন্ত্রীর মুভমেন্ট এসকর্টে সাধারণত একজন উপপরিদর্শক (এসআই), চারজন কনস্টেবল এবং পুলিশের একটি পিকআপ ভ্যান থাকে। ব্যয় কমানোর অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ