Views Bangladesh Logo

৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার

দেশের বিভিন্ন উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করা ৬৮ কর্মকর্তাকে প্রত্যাহার করেছে সরকার। তাদের পরবর্তী পদায়নের জন্য সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে ন্যস্ত করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখা থেকে পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এসব কর্মকর্তার বিষয়ে আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তাদের নিজ নিজ উপজেলা থেকে সহকারী কমিশনার (ভূমি) পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। পরবর্তী পদায়ন না হওয়া পর্যন্ত তাদের সংশ্লিষ্ট বিভাগের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত রাখা হবে।

প্রশাসন মন্ত্রণালয়ের আদেশ অনুযায়ী, প্রত্যাহার হওয়া কর্মকর্তাদের মধ্যে বরিশাল, সিলেট, চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, ঢাকা ও রংপুর বিভাগের বিভিন্ন উপজেলায় কর্মরত এসিল্যান্ডরা রয়েছেন। তাদের প্রত্যেককে নিজ নিজ বিভাগের কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নাম, পরিচিতি নম্বর, বর্তমান কর্মস্থল এবং কোন বিভাগীয় কমিশনারের কার্যালয়ে তাদের ন্যস্ত করা হয়েছে, তার বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে। একই সঙ্গে পরবর্তী পদায়নের বিষয়টিও আদেশে উল্লেখ করা হয়েছে।

মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। পাশাপাশি কর্মকর্তাদের হালনাগাদ তথ্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট এবং গভর্নমেন্ট এমপ্লয়িজ ম্যানেজমেন্ট সিস্টেমে সংরক্ষণ ও সংশোধনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

এদিকে, সাম্প্রতিক সময়ে মাঠ প্রশাসনে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বদলি ও পদায়ন করা হচ্ছে। এর আগে সেপ্টেম্বরেই নারায়ণগঞ্জের দুই সহকারী কমিশনার (ভূমি)কেও বদলি করা হয়েছিল।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ