কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সর্বোচ্চ চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী
কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন এবং রাষ্ট্রকে এগিয়ে নিতে সরকার সর্বোচ্চ চেষ্টা ও উদ্যোগ গ্রহণ করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশ গঠনে উদ্যোক্তা, ব্যবসায়ী প্রতিনিধি এবং সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর বিজয় সরণিতে অবস্থিত নভোথিয়েটারে তিন দিনব্যাপী ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে সরকার তার পক্ষ থেকে সর্বোচ্চ উদ্যোগ নেবে। তবে শুধু সরকারের উদ্যোগে একটি রাষ্ট্রের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। এ জন্য উদ্যোক্তা, ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে এসে সহযোগিতা করতে হবে।
অনুষ্ঠানে দেশের উদ্ভাবনী কার্যক্রমকে সরাসরি বাজারের সঙ্গে যুক্ত করার ওপর গুরুত্ব দেন সরকারপ্রধান। গবেষণাগার ও পরীক্ষামূলক পর্যায়ে থাকা উদ্ভাবনকে কীভাবে বাণিজ্যিক উৎপাদনে নেওয়া যায়, সে বিষয়েও তিনি গুরুত্বারোপ করেন।
তিন দিনের এই আয়োজনে শতাধিক উদ্ভাবক ও নতুন উদ্যোগের প্রতিষ্ঠাতা অংশ নিয়েছেন। মেলায় এক হাজারের বেশি উদ্ভাবন প্রদর্শন করা হচ্ছে। দেশের উদ্ভাবনকে নীতিগত সহায়তা, শিল্প খাত, বিনিয়োগ এবং বাজারের সুযোগের সঙ্গে যুক্ত করাই এ মেলার অন্যতম প্রধান লক্ষ্য।
মেলায় প্রদর্শিত বিভিন্ন উদ্ভাবন ও উদ্যোগ ঘুরে দেখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় বিভিন্ন উদ্ভাবনের উপস্থাপনা দেখে তিনি আগ্রহ প্রকাশ করেন।
মতামত দিন