পুলিশ বাহিনীতে দুর্নীতিকে প্রশ্রয় দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
বর্তমান সরকার পুলিশ বাহিনীতে কোনো ধরনের দুর্নীতিকে প্রশ্রয় দেবে না বলে স্পষ্ট জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি সতর্ক করেন, বাহিনীর কোনো সদস্য শৃঙ্খলা ভঙ্গ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
সোমবার (১১ মে) পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত ‘পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রীর দিকনির্দেশনামূলক ভাষণ’ অনুষ্ঠানে অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। একই সঙ্গে মানবাধিকার সমুন্নত রেখে পুলিশ সদস্যদের পেশাদারত্বের সঙ্গে কাজ করার পরামর্শ দেন তিনি।
স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘পুলিশের অপারেশনাল কার্যক্রম, ট্রাফিক ব্যবস্থাপনা এবং অন্যান্য কাজে স্বচ্ছতা বাড়াতে আমরা বডিওর্ন ক্যামেরার ব্যবহার বৃদ্ধি করতে চাচ্ছি। বর্তমানে আমাদের কিছু বডিওর্ন ক্যামেরা আছে; ভবিষ্যতে সব পর্যায়ে এই ক্যামেরা ব্যবহার করে তদন্ত ও অপারেশনসহ সব কার্যক্রম রেকর্ড রাখতে পারি সে ব্যবস্থা নেব।’
জাতিসংঘের মানদণ্ড অনুযায়ী ন্যূনতম বলপ্রয়োগের বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে পুলিশ সদস্যদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আপনাদের মনে রাখতে হবে, মানবাধিকারের বিষয়টি এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। অপরাধমূলক কার্যক্রম দমন কিংবা প্রসিকিউশন টিমকে সহযোগিতা করার ক্ষেত্রে তদন্ত যাতে সুষ্ঠুভাবে পরিচালিত হয়, সেজন্য মানবাধিকার সমুন্নত রেখে কৌশলী পদক্ষেপ গ্রহণ করুন।’
পর্যটন খাতের নিরাপত্তা প্রসঙ্গে মন্ত্রী জানান, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশের সক্ষমতা বাড়ানো হচ্ছে। তবে এ খাতে কাঙ্ক্ষিত সুনাম এখনো অর্জিত হয়নি উল্লেখ করে তিনি বলেন, ‘এখানে আমাদের দেশের ভাবমূর্তির বিষয়টি জড়িত। তাই সমন্বিত উদ্যোগ নিতে হবে, যাতে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হয় এবং পর্যটকদের সংখ্যা বৃদ্ধি পায়।’

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে