Views Bangladesh Logo

ডিসইনফরমেশনভিত্তিক ফটোকার্ড অ্যালাও করব না: তথ্য উপদেষ্টা

ডিসইনফরমেশন বা অপতথ্য প্রচারের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (২৮ এপ্রিল) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

তথ্য উপদেষ্টা বলেন, ‘এ বিষয়ে সরকার শক্ত অবস্থানে যাবে। আমরা মিডিয়ার নামে ডিসইনফরমেশনভিত্তিক (অপতথ্যনির্ভর) ফটোকার্ড অ্যালাও করব না।’

তিনি আরও বলেন, ‘যেহেতু এই সরকার এ ব্যাপারে কঠোর অবস্থানে আছে এবং থাকবে, তাই আমি বিশ্বাস করি এই প্রবণতা কমে যাবে। যারা অতীতে এসব করেছে, তাদের বিরুদ্ধে তদন্ত করা, ধরা এবং শাস্তি নিশ্চিত করা—এসবই অপতথ্য প্রতিরোধের অংশ হবে। আমরা সর্বোচ্চ সেই চেষ্টা করব।’

দেশে জঙ্গিবাদ নিয়ে প্রচলিত নানা মতের বিষয়ে উপদেষ্টা বলেন, এ নিয়ে দুই ধরনের চরমপন্থী আলোচনা রয়েছে। বিষয়টি বিশ্লেষণ করে তিনি বলেন, ‘একটি পক্ষ মনে করে বাংলাদেশ জঙ্গিতে ভরে গেছে, আবার অন্য পক্ষ মনে করে বাংলাদেশে কোনো জঙ্গি নেই। আমরা মনে করি এই দুটি ধারণাই ভুল। বাংলাদেশে জঙ্গিবাদ বা উগ্রবাদের একটি প্রবণতা আছে এবং কিছু মানুষ এর সঙ্গে জড়িত। মাঝে মধ্যে তারা আরও সক্রিয় হওয়ার চেষ্টা করে, যা আমরা নিয়ন্ত্রণের চেষ্টা করব।’

সম্প্রতি হামের টিকাদান কর্মসূচিতে উদ্ভূত পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রশাসনিক জবাবদিহিতার ওপর গুরুত্বারোপ করেন তথ্য উপদেষ্টা। তিনি সংশ্লিষ্টদের অবহেলার ইঙ্গিত দিয়ে বলেন, ‘আপনাদের সঙ্গে আমি নীতিগতভাবে একমত; যাদের অবহেলার কারণে এই ঘটনা (হাম) ঘটেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।’


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ