Views Bangladesh Logo

সরকারি দপ্তরে এআই ব্যবহারে সতর্কতার নির্দেশ, গোপন তথ্য ফাঁসের ঝুঁকি এড়াতে চিঠি

সরকারি দপ্তরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) টুলের ব্যবহার বাড়তে থাকায় সংবেদনশীল ও গোপন তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে সব মন্ত্রণালয় ও বিভাগকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে সরকার। বিশেষ করে সরকারি তথ্য যেন অননুমোদিতভাবে তৃতীয় পক্ষের কাছে না পৌঁছে যায়, সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের ই-গভর্নেন্স-২ শাখা গত মঙ্গলবার এ বিষয়ে সব সচিবের কাছে একটি নির্দেশনামূলক চিঠি পাঠিয়েছে।

‘সরকারি দপ্তরে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুল ব্যবহারে সতর্কতা অবলম্বন’ শীর্ষক ওই চিঠিতে বলা হয়, সরকারি দপ্তরগুলোর বিভিন্ন প্রশাসনিক ও দাপ্তরিক কাজে বর্তমানে এআই টুলের ব্যবহার দ্রুত বাড়ছে। এসব প্রযুক্তি কাজের গতি ও উৎপাদনশীলতা বাড়াতে সহায়ক হলেও অসতর্ক ব্যবহারে সরকারি সংবেদনশীল ও গোপনীয় তথ্য অননুমোদিতভাবে প্রকাশ হওয়ার বা তৃতীয় পক্ষের কাছে চলে যাওয়ার ঝুঁকি তৈরি হতে পারে।

এ কারণে সরকারি কাজে এআই ব্যবহার করার সময় তথ্যের নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষায় সর্বোচ্চ দায়িত্বশীলতা প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে এ বিষয়ে বিদ্যমান আইন, বিধি-বিধান এবং সরকারের জারি করা নির্দেশনা কঠোরভাবে অনুসরণের আহ্বান জানানো হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, বর্তমানে বহুল ব্যবহৃত বিভিন্ন উন্মুক্ত এআই প্ল্যাটফর্মে ব্যবহারকারীর দেওয়া তথ্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সার্ভারে সংরক্ষিত হতে পারে। অনেক ক্ষেত্রে এসব তথ্য ভবিষ্যতে প্রযুক্তির উন্নয়ন বা মডেল প্রশিক্ষণের কাজেও ব্যবহার করা হয়। ফলে সরকারি নথি, সংবেদনশীল তথ্য বা ব্যক্তিগত তথ্য এ ধরনের প্ল্যাটফর্মে যুক্ত করলে সেগুলোর গোপনীয়তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকে।

এদিকে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ ইতোমধ্যে দেশের জন্য একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নীতিমালার খসড়া প্রণয়ন করেছে। তবে সেটি এখনো চূড়ান্ত অনুমোদন পায়নি। নীতিমালাটি অনুমোদিত হলে সরকারি ও বেসরকারি পর্যায়ে এআই প্রযুক্তির নিরাপদ ও দায়িত্বশীল ব্যবহারের জন্য একটি সুস্পষ্ট কাঠামো নির্ধারণ হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ