শেখ হাসিনার বক্তব্য প্রচার না করতে তথ্য মন্ত্রণালয়ের আহ্বান
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) নির্দেশনার আলোকে শেখ হাসিনার কোনো বক্তব্য বা বিবৃতি প্রচার না করতে দেশের সব গণমাধ্যমের প্রতি আবারও আহ্বান জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। মঙ্গলবার (৪ আগস্ট) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, আইসিটি ইতোমধ্যে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ট্রাইব্যুনালের নির্দেশনা অনুযায়ী শেখ হাসিনার বক্তব্য প্রচার বন্ধ রাখা, পূর্বে প্রচারিত বিদ্বেষমূলক বক্তব্য বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে অপসারণ এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) নির্দেশ দেওয়া হয়েছে। জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সিও (এনসিএসএ) দেশের সার্বিক নিরাপত্তার স্বার্থে সংশ্লিষ্ট আইনি বিধান অনুসরণ করে তাঁর বক্তব্য প্রচার না করার অনুরোধ জানিয়েছে।
তথ্য মন্ত্রণালয় জানায়, বেশিরভাগ গণমাধ্যম আদালতের নির্দেশনা অনুসরণ করলেও এখনো কয়েকটি গণমাধ্যম শেখ হাসিনার বক্তব্য প্রচার করছে, যা নিয়ে সরকার উদ্বেগ প্রকাশ করেছে। জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে সরকার সব টেলিভিশন, সংবাদপত্র, অনলাইন পোর্টাল এবং সামাজিক যোগাযোগমাধ্যমকে শেখ হাসিনার কোনো বক্তব্য বা বিবৃতি প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। পাশাপাশি, যারা আদালতের নির্দেশনা মেনে চলেছে, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে সরকার।
মতামত দিন