ইউপি নির্বাচনের সম্ভাব্য সূচি নিয়ে সরকার কিছু জানে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সাত ধাপে আয়োজনের সম্ভাব্য সময়সূচি প্রকাশ নিয়ে সরকারের সঙ্গে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচন কমিশনের ঘোষিত ইউপি নির্বাচনের সম্ভাব্য সময়সূচির খবর দেখেছেন তারা। তবে এ বিষয়ে সরকারকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
প্রতিমন্ত্রী বলেন, নির্বাচন কমিশন একটি স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান। নির্বাচন পরিচালনা ও ভোটের তারিখ নির্ধারণের ক্ষেত্রে কমিশনের সাংবিধানিক ক্ষমতা রয়েছে। তবে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের ক্ষেত্রে প্রচলিত নিয়ম অনুযায়ী সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে প্রস্তুতি নেওয়া হয়।
তিনি জানান, সাধারণত নির্বাচন আয়োজনের আগে সরকারের সঙ্গে প্রস্তুতিমূলক বৈঠক করা হয়। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি, প্রশাসনিক প্রস্তুতি ও অন্যান্য প্রয়োজনীয় বিষয় নিয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আলোচনা করা হয়।
মীর শাহে আলম বলেন, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের সঙ্গে বাজেটসহ নানা প্রশাসনিক ও আর্থিক বিষয় জড়িত। এসব বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় কিংবা সরকারের সঙ্গে নির্বাচন কমিশনের কোনো আলোচনা হয়নি।
এ কারণে নির্বাচন কমিশনের প্রকাশ করা ইউপি নির্বাচনের সম্ভাব্য তারিখ সম্পর্কে সরকার এখনো অবহিত নয় বলেও স্পষ্ট করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। তিনি বলেন, কমিশন স্বাধীনভাবে তার সাংবিধানিক দায়িত্ব পালন করলেও নির্বাচন আয়োজনের প্রস্তুতিতে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সমন্বয় থাকা প্রয়োজন।
মতামত দিন