সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের উদ্যোগ নেবে সরকার: তথ্যমন্ত্রী
সাংবাদিকদের জন্য শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ এবং অনলাইনে একটি ডাটাবেস তৈরির পরিকল্পনা গ্রহণ করেছে বাংলাদেশ প্রেস কাউন্সিল। এর মাধ্যমে সাংবাদিকতার মান উন্নয়ন, প্রকৃত সাংবাদিকদের মর্যাদা নিশ্চিত এবং ভুয়া সাংবাদিকতা প্রতিরোধ করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জাহির উদ্দিন স্বপন।
রোববার (১৯ এপ্রিল) জাতীয় সংসদে বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য মো. আবদুল আলীমের লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, ভুয়া সংবাদ ও অপপ্রচার প্রতিরোধে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ইতোমধ্যে বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। পাশাপাশি প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি) কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ন্যারেটিভ তৈরি এবং মাল্টিমিডিয়া সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণ দেবে।
তিনি আরও জানান, প্রেস কাউন্সিল অ্যাক্ট ১৯৭৪ অনুযায়ী সাংবাদিক বা সম্পাদকদের বিরুদ্ধে নৈতিকতা লঙ্ঘনের অভিযোগ প্রেস কাউন্সিলে করা যায়। বর্তমানে এ ধরনের আটটি অভিযোগ বিচারাধীন রয়েছে।
তথ্যমন্ত্রী বলেন, প্রেস কাউন্সিল সম্প্রতি দেশের ৩২টি জেলায় কর্মশালা আয়োজন করেছে, যার উদ্দেশ্য হলো বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনকে উৎসাহিত করা এবং অপেশাদার সাংবাদিকতা প্রতিরোধ করা।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে