বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী
বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। বিদেশে কর্মসংস্থানের আগে দক্ষতা ও ভাষা প্রশিক্ষণের ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নিরাপদ অভিবাসন ও অবৈধ পথে বিদেশ গমন প্রতিরোধবিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী। জেলা প্রশাসন এ সভার আয়োজন করে।
আরিফুল হক চৌধুরী বলেন, সুনামগঞ্জসহ এ অঞ্চলের মানুষের বিদেশ যাওয়ার প্রবণতা বেশি। তবে শুধু কর্মী পাঠালেই হবে না, বিদেশ যাওয়ার আগে তাদের যথাযথ প্রশিক্ষণ ও ভাষাদক্ষতা নিশ্চিত করতে হবে। এ লক্ষ্যে জেলার পাঁচটি নির্বাচনী এলাকায় পাঁচটি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের পরিকল্পনার কথাও জানান তিনি।
বিদেশগামীদের ইংরেজি, আরবি, জাপানি, চীনা ও কোরীয় ভাষায় দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, প্রশিক্ষণ শেষে কর্মীদের অবশ্যই বৈধ প্রক্রিয়ায় বিদেশ যেতে হবে। প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে শিক্ষক ও শিক্ষার্থী নিশ্চিত করতে জনপ্রতিনিধি ও সরকারের সমন্বিতভাবে কাজ করার প্রয়োজন রয়েছে।
সভায় অবৈধ পথে বিদেশ যাওয়া ঠেকাতে দালালচক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ওপরও জোর দেন মন্ত্রী। ভূমধ্যসাগরে নিহত অভিবাসনপ্রত্যাশীদের পরিবারের করা মামলার আসামি এবং এর সঙ্গে জড়িত চক্রের বিস্তারিত তথ্য সাত দিনের মধ্যে মন্ত্রণালয়ে পাঠাতে সিলেট রেঞ্জের ডিআইজি ও সুনামগঞ্জের পুলিশ সুপারকে নির্দেশ দেন তিনি।
একই সঙ্গে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে অবৈধ পথে বিদেশ গমনের ঝুঁকি সম্পর্কে ব্যাপক প্রচারণা চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। মসজিদ, মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার আহ্বান জানান মন্ত্রী।
তিনি বলেন, সাগরপথে বিদেশে যাওয়ার ঘটনায় কারা জড়িত, কোথা থেকে মানুষ যাচ্ছে এবং কীভাবে যাচ্ছে, এসব তথ্য সংগ্রহ করে মন্ত্রণালয়ে পাঠাতে হবে। বিদেশে অবস্থানরত সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্যও সংগ্রহ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মতামত দিন