Views Bangladesh Logo

আগামী ৫ বছরে বিদেশে ১ কোটি দক্ষ কর্মী পাঠাবে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী

আগামী পাঁচ বছরে সরকার বিদেশে ১ কোটি দক্ষ কর্মী পাঠানোর পরিকল্পনা নিয়েছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। এ লক্ষ্যে দক্ষ জনশক্তি গড়ে তুলতে দেশজুড়ে প্রশিক্ষণ কার্যক্রম জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (৯ জুলাই) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলুর এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

মন্ত্রী বলেন, বৈদেশিক শ্রমবাজার সম্প্রসারণ ও সংরক্ষণ, দক্ষ কর্মী তৈরি এবং ভাষাগত দক্ষতা বাড়াতে সরকারের নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে একটি কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর আওতায় আগামী পাঁচ বছরে বিদেশে ১ কোটি দক্ষ কর্মী পাঠানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

তিনি জানান, বর্তমানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে ১০৪টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এবং ৬টি ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজিসহ মোট ১১০টি প্রশিক্ষণ প্রতিষ্ঠানে ৫৫টি কর্মসংস্থানমুখী স্বল্প ও দীর্ঘমেয়াদি কোর্সে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

বরিশাল-৩ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদীনের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, নিরাপদ, নিয়মিত ও সুশৃঙ্খল অভিবাসন নিশ্চিত করা, অভিবাসন ব্যয় কমানো এবং দালালচক্রের প্রতারণা নিয়ন্ত্রণে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে।

তিনি জানান, বৈদেশিক কর্মসংস্থান প্ল্যাটফর্ম (ওইইপি) চালুর মাধ্যমে প্রশিক্ষণে ভর্তি, মনিটরিং, সনদ প্রদান, বিদেশে কর্মসংস্থানের চাহিদাপত্র ও ভিসা যাচাই, বহির্গমন ছাড়পত্র প্রদানসহ অভিবাসন ব্যবস্থাপনা আরও স্বচ্ছ, সহজ ও জবাবদিহিমূলক করা হয়েছে। এর ফলে মধ্যস্বত্বভোগী ও দালালদের দৌরাত্ম্য কমবে বলে আশা করা হচ্ছে।

আরিফুল হক চৌধুরী আরও বলেন, দালাল ও সাব-এজেন্টদের আইনের আওতায় আনতে ‘বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী (রিক্রুটিং এজেন্ট লাইসেন্স এবং সাব-এজেন্ট নিবন্ধন ও আচরণ) বিধিমালা, ২০২৫’ প্রণয়ন করা হয়েছে। পাশাপাশি স্থানীয় পর্যায়ে অভিবাসন কার্যক্রম তদারকির জন্য জেলা ও উপজেলা পর্যায়ে অভিবাসন সমন্বয় কমিটিও গঠন করা হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ