জাপানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি পর্যালোচনায় সরকার
প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জানিয়েছেন, সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকার জাপানের সঙ্গে প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তর সংক্রান্ত একটি চুক্তি সই করে গেছে। তবে নতুন সরকার চুক্তিটির বিষয়বস্তু পর্যালোচনা করে দেখবে এবং জাতীয় স্বার্থের সঙ্গে সামঞ্জস্য থাকলে তা বহাল রাখা হবে।
মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচির সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। উপদেষ্টা বলেন, চুক্তির বিস্তারিত না দেখে এখনই কোনো সিদ্ধান্ত দেওয়া সম্ভব নয়। এটি দেশের স্বার্থের ভিত্তিতে হলে চলমান থাকবে, না হলে পুনর্বিবেচনা করা হবে।
জাপানের রাষ্ট্রদূত জানান, বৈঠকে প্রতিরক্ষা চুক্তির বিষয়টি তুলে ধরা হয়েছে এবং এটি যেন নির্বিঘ্নভাবে এগিয়ে যায় সে বিষয়ে আলোচনা হয়েছে। একই সঙ্গে জাপানে দক্ষ বাংলাদেশি কর্মী পাঠানোর ক্ষেত্রেও সহযোগিতার কথা হয়েছে।
বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, ইন্দো-প্যাসিফিক ইস্যু, কৌশলগত অংশীদারত্ব এবং মাতারবাড়ি প্রকল্পসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন, পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়াও উপস্থিত ছিলেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে