Views Bangladesh Logo

মোবাইল রিচার্জে কর কমানোর উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

মোবাইল রিচার্জের ওপর অতিরিক্ত করের বোঝা কমানোর উদ্যোগ নিয়েছে সরকার। বর্তমান পদ্ধতিতে ১০০ টাকার রিচার্জে ৩৮ টাকা কর হিসেবে কেটে নেওয়াকে ‘অযৌক্তিক’ হিসেবে বর্ণনা করেছেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদ।

শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর তেজগাঁওয়ে একটি হোটেলে টেলিযোগাযোগ নীতিমালা বিষয়ক এক সেমিনারে তিনি এই তথ্য জানান।

উপদেষ্টা বলেন, ১০০ টাকা রিচার্জ করলে সাধারণ মানুষের কাছ থেকে ৩৮ টাকা কর হিসেবে কেটে নেওয়া উচিত নয়। সরকার ইতোমধ্যে এই কর ও ভ্যাট কমানোর প্রক্রিয়া শুরু করেছে।

এ সময় সরকারের দুটি লক্ষ্যমাত্রার কথা জানান রেহান আসিফ আসাদ। তিনি বলেন, দেশের ৯০ শতাংশ মানুষকে ফাইভজি সেবার আওতায় আনা এবং অন্তত ১০০ এমবিপিএস গতির ব্রডব্যান্ড ইন্টারনেট নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য।

উপদেষ্টা বলেন, ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে মোবাইল সেবায় সম্পূরক শুল্ক ১৫ শতাংশ থেকে বাড়িয়ে ২০ শতাংশ করা হয়েছিল। এর সাথে ১৮ শতাংশ ভ্যাট এবং ১ শতাংশ সারচার্জ যুক্ত ছিল। পরবর্তীতে এনবিআর সম্পূরক শুল্ক আরও ৩ শতাংশ বৃদ্ধি করায় বর্তমানে গ্রাহকদের ১০০ টাকা রিচার্জে বড় একটি অংশ কর হিসেবে দিতে হচ্ছে।

তিনি আরও বলেন, দেশের সাধারণ মানুষের ওপর এই করের বোঝা কমিয়ে আনা প্রয়োজন। একইসঙ্গে দ্রুতগতির ইন্টারনেট সেবা এবং উন্নত টেলিকম নেটওয়ার্ক নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ