চলচ্চিত্র শিল্পের বিকাশে সব ধরনের সহযোগিতা দেবে সরকার: ডা. জাহেদ
দেশের চলচ্চিত্র শিল্পকে আরও সমৃদ্ধ, বাণিজ্যিকভাবে সক্ষম এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকিয়ে রাখতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
শনিবার (২৭ জুন) রাজধানীর মিরপুরে বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই) আয়োজিত প্রামাণ্যচিত্র নির্মাণ কোর্সের সমাপনী অনুষ্ঠান ও সনদ বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
ডা. জাহেদ উর রহমান বলেন, দেশের চলচ্চিত্র নির্মাতাদের সৃজনশীল উদ্যোগকে উৎসাহিত করতে সরকার আন্তরিক। একই সঙ্গে চলচ্চিত্র শিল্পকে বাণিজ্যিকভাবে আরও শক্তিশালী, টেকসই ও আন্তর্জাতিক মানের করে তুলতে প্রয়োজনীয় নীতিগত এবং অন্যান্য সহায়তা অব্যাহত থাকবে।
তিনি জানান, বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের বিষয়েও সরকার গুরুত্বসহকারে কাজ করছে।
আন্তর্জাতিক সহযোগিতার বিষয়ে তিনি বলেন, মালয়েশিয়া ও চীন—উভয় দেশই বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী। তবে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েই এসব সহযোগিতা এগিয়ে নেওয়া হবে।
অনুষ্ঠানে বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের কর্মকর্তা, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন। পরে প্রামাণ্যচিত্র নির্মাণ কোর্স সফলভাবে সম্পন্নকারী প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।
মতামত দিন