ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্ক ফোর্স গঠন
ভূমিকম্পজনিত দুর্যোগ মোকাবিলায় জাতীয় পর্যায়ে একটি টাস্ক ফোর্স এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে ‘ভূমিকম্প প্রস্তুতি বিষয়ক বিশেষ সেল’ গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে ভূমিকম্প-পরবর্তী জরুরি সেবা নিশ্চিত করতে ঢাকা ও আশপাশের এলাকার জন্য এক লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত ও প্রশিক্ষণের পরিকল্পনাও নেওয়া হয়েছে।
বুধবার (২৯ জুলাই) বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ভূমিকম্প প্রস্তুতি বিষয়ক এক সভায় এসব সিদ্ধান্ত হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন জানান, স্বেচ্ছাসেবকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সরঞ্জাম সরবরাহের পাশাপাশি ভূমিকম্প-পরবর্তী জরুরি সেবায় সরকারের সার্বিক প্রস্তুতি আরও জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।
সভায় জানানো হয়, ইতোমধ্যে ৭০ হাজার স্বেচ্ছাসেবকের একটি ডেটাবেইস প্রস্তুত করা হয়েছে। দ্রুত আরও ৩০ হাজার স্বেচ্ছাসেবক অন্তর্ভুক্ত করে লক্ষ্যমাত্রা পূরণ করা হবে।
এ ছাড়া দুর্যোগের সময় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করা এবং ঢাকায় ‘হিউম্যান স্টেইন এরিয়া (এইচএসএ)’ স্থাপনের বিষয়েও আলোচনা হয়েছে।
সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, প্রতিমন্ত্রী ইকবাল হোসেইন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. সাইদুর রহমান খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মতামত দিন