আগস্টে পরীক্ষামূলক চালু হচ্ছে ‘প্রবাসী ডেবিট কার্ড’
প্রবাসী বাংলাদেশিদের জন্য আগামী মাসের মাঝামাঝি পরীক্ষামূলকভাবে ‘প্রবাসী কার্ড’ চালু করতে যাচ্ছে সরকার। প্রথম ধাপে প্রবাসী ডেবিট কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে, যা ব্যবহার করে প্রবাসীরা আর্থিক সেবা ছাড়াও বিভিন্ন সরকারি ও বিশেষ সুবিধা পাবেন।
শনিবার (১৮ জুলাই) বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রবাসী কার্ড–সংক্রান্ত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপপ্রেস সচিব শাদাওয়াত স্বাধীন এ তথ্য জানান।
তিনি বলেন, প্রবাসীদের সামাজিক মর্যাদা, আর্থিক সক্ষমতা এবং আন্তর্জাতিক ব্যাংকিং সুবিধা নিশ্চিত করতে ডুয়াল কারেন্সি-ভিত্তিক এই কার্ড চালু করা হচ্ছে। এটি সরকারের নির্বাচনী অঙ্গীকারের অংশ। এর আগে সরকার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও স্পোর্টস কার্ড বাস্তবায়ন শুরু করেছে।
প্রবাসী কার্ডধারীরা পাবেন—
-দেশে ও বিদেশে বিমানবন্দরে বিশেষ ইমিগ্রেশন বুথ ও ফাস্ট-ট্র্যাক সুবিধা
-কমপ্লিমেন্টারি এয়ারপোর্ট লাউঞ্জ ও মিট অ্যান্ড গ্রিট সেবা
-বিমান টিকিট ও হোটেল বুকিংয়ে বিশেষ ছাড়
-ন্যায্যমূল্যে গাড়ি বুকিং এবং এয়ারপোর্ট পিক-অ্যান্ড-ড্রপ সুবিধা
-সরকারি হাসপাতালে বিশেষ সেবা বুথ এবং বেসরকারি হাসপাতালে ছাড়
-কার্ডধারীর মৃত্যু হলে মরদেহ বিনামূল্যে দেশে আনার সুবিধা
-দেশে ফেরা প্রবাসীদের পুনর্বাসন ও বীমা সুবিধা
-জমি নিবন্ধন, নামজারি, ইউটিলিটি সংযোগ, লাইসেন্স এবং বিদেশি বিনিয়োগসংক্রান্ত সেবায় অগ্রাধিকার
-রেমিট্যান্স রিওয়ার্ড পয়েন্ট, ক্রেডিট স্কোরিং ও ঋণ সুবিধা
-কার্ডের মাধ্যমে সহজে অর্থ লেনদেন ও সরাসরি টাকা পাঠানোর সুযোগ
-এনআইডি, পাসপোর্ট ও কনস্যুলার সেবায় অগ্রাধিকারসহ ব্যাংক ও সরকারের অন্যান্য বিশেষ সুবিধা।
উপপ্রেস সচিব জানান, প্রথম ধাপে জনতা ব্যাংকের মাধ্যমে প্রবাসী ডেবিট কার্ড বিতরণ করা হবে। আগামী ডিসেম্বরের মধ্যে ৫০ হাজার এবং আগামী বছরের জুনের মধ্যে ২ লাখ প্রবাসী কার্ড বিতরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
দ্বিতীয় ধাপে প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে প্রবাসী কার্ডের সব কার্যক্রম পরিচালিত হবে।
বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান সংশ্লিষ্ট কর্মকর্তাদের জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষকে আধুনিক ও সময়োপযোগী করার নির্দেশ দেন। পাশাপাশি বিশ্বের সব বাংলাদেশি প্রবাসীকে এই কার্ডের আওতায় আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও নির্দেশনা দেন।
বৈঠকে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রতিমন্ত্রী নুরুল হক নূর, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ ও মাহ্দী আমিন, মন্ত্রণালয়ের সচিব মোখতার আহমেদ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান, বিএমইটির মহাপরিচালক জামিল আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মতামত দিন