Views Bangladesh Logo

দেশের বাজারে সুগন্ধি চালের বাজার নিয়ন্ত্রণে নজরদারি করবে সরকার

দেশের বাজারে সুগন্ধি চালের অস্বাভাবিক দাম নিয়ন্ত্রণে পাইকারি ও খুচরা পর্যায়ে কঠোর নজরদারি করা হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম। সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে ভোগ্যপণ্যের দাম রাখতে সরকার দীর্ঘমেয়াদি পদক্ষেপ নেবে বলেও জানান তিনি। বর্তমানে বাজারে প্রতি কেজি পোলাওয়ের চাল ২২০ থেকে ২৩০ টাকায় বিক্রি হচ্ছে।

সুগন্ধি চাল রপ্তানির সুযোগ থাকায় দেশে সরবরাহে চাপ তৈরি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। পরিস্থিতি সামাল দিতে সরকার এরই মধ্যে রপ্তানির অনুমোদিত কোটা ৫০ শতাংশ কমিয়েছে। তবে এরপরও বাজারে চালের দাম কমেনি। এতে ভোক্তাদের পাশাপাশি হোটেল-রেস্তোরাঁ ব্যবসায়ীরাও বাড়তি ব্যয়ের চাপে পড়েছেন।

রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, উচ্চমূল্যের কারণে সুগন্ধি চাল কিনতে গিয়ে ক্রেতাদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। সাধারণ ও মধ্যবিত্ত পরিবারের দৈনন্দিন ব্যয়ের সঙ্গে এই দাম সামঞ্জস্যপূর্ণ নয় বলে জানিয়েছেন অনেক ক্রেতা। দাম না কমলে ভোক্তাদের ওপর চাপ আরও বাড়বে বলেও আশঙ্কা করছেন তারা।

সুগন্ধি চালের মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে হোটেল-রেস্তোরাঁ ব্যবসায়ও। পোলাও ও বিরিয়ানির মতো খাবারের দাম বাড়লেও বিক্রি কমেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। রেস্তোরাঁ মালিকদের অভিযোগ, বড় কিছু প্রতিষ্ঠান চাল মজুদ করে কৃত্রিম সংকট তৈরি করছে। রেস্তোরাঁ মালিক সমিতির ভারপ্রাপ্ত মহাসচিব ফিরোজ আলম সুমন বলেন, বাজারে কার্যকর নজরদারি থাকলে অল্প সময়ের মধ্যেই চালের দাম কমানো সম্ভব।

খাদ্যমন্ত্রী আফরোজা খানম বলেন, দেশে সুগন্ধি চালের উৎপাদন ও মজুদ পরিস্থিতি সন্তোষজনক। ফলে দাম বাড়ার যৌক্তিক কারণ নেই। জনগণ যাতে নিজেদের সামর্থ্য অনুযায়ী প্রয়োজনীয় পণ্য কিনতে পারেন, সে বিষয়টি নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

এদিকে কোনো ভোগ্যপণ্যের দাম একবার বাড়ার পর সহজে না কমার প্রবণতা ঠেকাতে দীর্ঘমেয়াদি বাজার তদারকির ওপর জোর দিয়েছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। সংগঠনটির সহসভাপতি এস এম নাজের হোসাইন বলেন, সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকে একসঙ্গে বসে পণ্যের দাম বাড়ার কারণ চিহ্নিত করে স্থায়ী সমাধানে যেতে হবে।

সরকারি তথ্য অনুযায়ী, ৪৫ হাজার টন সুগন্ধি চাল রপ্তানির জন্য ২৭৮টি প্রতিষ্ঠান অনুমোদন পেয়েছে। তবে গত তিন মাসে এসব প্রতিষ্ঠানের মাধ্যমে রপ্তানি হয়েছে মাত্র প্রায় আড়াই হাজার টন। অর্থাৎ অনুমোদিত পরিমাণের তুলনায় প্রকৃত রপ্তানি অনেক কম হলেও দেশের বাজারে সুগন্ধি চালের দাম এখনো ঊর্ধ্বমুখী রয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ