Views Bangladesh Logo

সরকারকে নিয়ে বিভ্রান্তিকর কনটেন্ট ঠেকাতে মেটা-গুগলের সঙ্গে বৈঠক হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

সরকারকে নিয়ে বিভ্রান্তিকর ও মিথ্যা কনটেন্টের বিস্তার ঠেকাতে মেটা, গুগলসহ সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলোর কর্তৃপক্ষের সঙ্গে শিগগিরই বৈঠক করবে সরকার। এ তথ্য জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।

মঙ্গলবার (৪ আগস্ট) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বাকস্বাধীনতার নামে সামাজিক যোগাযোগমাধ্যমে বুলিং, মিথ্যা তথ্য ও হয়রানিমূলক কনটেন্টের প্রচার কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই বরদাশত করা হবে না।

তিনি আরও বলেন, সরকারকে নিয়ে মিথ্যা প্রচারণা ও বিভ্রান্তিকর কনটেন্টের বিস্তার রোধে মেটা, গুগলসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মের প্রতিনিধিদের সঙ্গে শিগগিরই বৈঠক অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেন, ভবিষ্যতে সাইবার হামলার ঝুঁকি আরও বাড়বে। সরকারি প্রতিষ্ঠানের ডেটা নিরাপত্তা ব্যবস্থা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। তাই সাইবার নিরাপত্তা জোরদারে সরকার ও বেসরকারি খাতকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

এদিকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান বলেন, দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর সাইবার নিরাপত্তা ব্যবস্থা এখনো প্রত্যাশিত মানে পৌঁছায়নি। ব্যাংকিং খাতের এ দুর্বলতা বাংলাদেশ ব্যাংকের জন্য উদ্বেগের বিষয় বলেও মন্তব্য করেন তিনি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ