Views Bangladesh Logo

পেপ্যাল চালু করবে সরকার, ২ লাখ ফ্রিল্যান্সারকে দেওয়া হবে আইডি কার্ড: প্রধানমন্ত্রী

সরকার দেশে বহুল প্রতীক্ষিত অনলাইন পেমেন্ট গেটওয়ে পেপ্যাল চালুর উদ্যোগ নিয়েছে। তথ্যপ্রযুক্তি খাতের সম্প্রসারণ এবং কর্মসংস্থান সৃষ্টি করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি আগামী পাঁচ বছরে দুই লাখ ফ্রিল্যান্সারকে আইডি কার্ড দেওয়ার একটি মহাপরিকল্পনাও গ্রহণ করা হয়েছে এবং হাজারো তরুণকে উচ্চপ্রযুক্তি দক্ষতায় প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

বুধবার, ২২ এপ্রিল জাতীয় সংসদে নাটোর-৪ আসনের সংসদ সদস্য মো. আবদুল আজিজের লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ তথ্য জানান।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, পেপ্যালের কার্যক্রম শুরু করতে ইতোমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে এবং বিষয়টি এগিয়ে নিতে কাজ চলছে। আগামী পাঁচ বছরে প্রায় দুই লাখ ফ্রিল্যান্সারকে আইডি কার্ড দেওয়া হবে, যার মধ্যে ইতোমধ্যে ৭,৫০০ জনকে এ ধরনের কার্ড দেওয়া হয়েছে। এছাড়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মাধ্যমে নতুন ফ্রিল্যান্সার তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

উচ্চপ্রযুক্তি খাতে দক্ষ জনবল গড়ে তুলতেও বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে। বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের মাধ্যমে ২০২৬ সালে কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং এবং ভার্চুয়াল রিয়েলিটি বিষয়ে ২,৪০০ জনকে প্রশিক্ষণ দেওয়া হবে।

এছাড়া বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) আগামী পাঁচ বছরে ২০টি ব্যাচে প্রায় ১,০০০ স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীকে আইটিইই (ইনফরমেশন টেকনোলজি ইঞ্জিনিয়ার্স এক্সামিনেশন) প্রশিক্ষণ দেবে। বিসিসি আরও ৫,০২০ জন চাকরিপ্রার্থী ও শিক্ষার্থীর জন্য স্বল্পমেয়াদি প্রশিক্ষণ (এআই, মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট, পাইথন প্রোগ্রামিং, ডাটা অ্যানালিটিক্স, সাইবার সিকিউরিটি) এবং এক বছর মেয়াদি ডিপ্লোমা ও পোস্ট-গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্স চালুর উদ্যোগ নিয়েছে। পাশাপাশি প্রায় ৭০০ জন বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিকে মৌলিক কম্পিউটার প্রশিক্ষণের মাধ্যমে স্বনির্ভর করার কর্মসূচিও নেওয়া হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ