আগস্টে আরও ৫ কার্গো এলএনজি আমদানি করবে সরকার
দেশের গ্যাস সরবরাহব্যবস্থা স্থিতিশীল রাখতে চলতি আগস্টে আরও পাঁচ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করবে সরকার। এসব কার্গোতে মোট প্রায় ১ কোটি ৬০ লাখ এমএমবিটিইউ এলএনজি থাকবে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বাংলাদেশ সংবাদ সংস্থাকে এ তথ্য জানিয়েছেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ কে এম মিজানুর রহমান।
তিনি বলেন, দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে স্পট মার্কেট, দীর্ঘমেয়াদি ও স্বল্পমেয়াদি চুক্তির আওতায় এসব এলএনজি কেনা হয়েছে। প্রতিটি কার্গোতে প্রায় ৩২ লাখ এমএমবিটিইউ এলএনজি থাকে।
পেট্রোবাংলার এই কর্মকর্তা জানান, আগস্টে সব মিলিয়ে নয় কার্গো এলএনজি আমদানি করা হবে। এর মধ্যে চারটি ইতোমধ্যে দেশে পৌঁছেছে। বাকি পাঁচটি কার্গো আগামী ৩০ আগস্টের মধ্যে দেশে পৌঁছানোর কথা রয়েছে।
পেট্রোবাংলার তথ্যমতে, আগস্টে একটি কার্গো দীর্ঘমেয়াদি চুক্তির আওতায়, পাঁচটি স্বল্পমেয়াদি চুক্তির আওতায় এবং তিনটি স্পট মার্কেট থেকে কেনা হয়েছে।
এর আগে জুলাইয়ে দীর্ঘমেয়াদি, স্বল্পমেয়াদি ও স্পট মার্কেটের মাধ্যমে মোট ১১ কার্গো এলএনজি আমদানি করেছিল সরকার। এসব কার্গোতে প্রায় ৩ কোটি ৫২ লাখ এমএমবিটিইউ এলএনজি ছিল।
রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের (আরপিজিসিএল) তথ্য অনুযায়ী, দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় বাংলাদেশে এলএনজি সরবরাহ করে কাতারএনার্জি এবং ওমানের জ্বালানি ও পণ্য বাণিজ্য প্রতিষ্ঠান ওকিউ ট্রেডিং। স্বল্পমেয়াদি চুক্তির আওতাতেও এলএনজি সরবরাহ করে ওকিউ ট্রেডিং।
এ ছাড়া প্রতি মাসে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদন নিয়ে স্পট মার্কেট থেকে প্রয়োজন অনুযায়ী এলএনজি কেনে সরকার।
মতামত দিন