Views Bangladesh Logo

বন্ধ ও অলাভজনক কারখানায় বিনিয়োগ আনতে রোড শো করবে সরকার

বন্ধ ও অলাভজনক সরকারি কারখানাগুলোতে দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে শিগগিরই রোড শোর আয়োজন করতে যাচ্ছে সরকার। এ লক্ষ্যে চলতি মাসের মধ্যেই প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে ‘শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ কারখানা চালু ও ব্যবস্থাপনা’ বিষয়ক এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন তারেক রহমান।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের ডেপুটি প্রেস সেক্রেটারি হাসান শিপলু জানান, সভায় শিল্প মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা বন্ধ ও অলাভজনক কারখানাগুলোর বর্তমান অবস্থা, সমস্যা, সম্ভাবনা এবং করণীয় বিষয়ে বিস্তারিত উপস্থাপন করেন।

সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান সংশ্লিষ্টদের দ্রুত বন্ধ কারখানাগুলো চালু করার এবং অলাভজনক প্রতিষ্ঠানগুলোকে লাভজনক করার কার্যকর উপায় খুঁজে বের করার নির্দেশ দেন। পাশাপাশি এসব প্রতিষ্ঠানে দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

সভায় আরও জানানো হয়, বন্ধ কারখানা পুনরায় চালু এবং অলাভজনক কারখানাগুলোকে টেকসইভাবে লাভজনক করতে বিশেষজ্ঞ কমিটির সুপারিশ গ্রহণের প্রক্রিয়া চলছে।

সভায় উপস্থিত ছিলেন খন্দকার আব্দুল মুক্তাদির, রাশেদ আল মাহমুদ তিতুমীর, আশিক চৌধুরী, এ বি এম আব্দুস সাত্তারসহ শিল্প মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সরকারের আশা, রোড শোর মাধ্যমে দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়বে এবং দীর্ঘদিন বন্ধ থাকা শিল্পপ্রতিষ্ঠানগুলো পুনরায় উৎপাদনে ফিরতে সক্ষম হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ