Views Bangladesh Logo

কর্মসংস্থান সৃষ্টি ও বেসরকারি খাতে বিনিয়োগ বাড়াতে সহায়তা করবে সরকার

সরকারি মালিকানাধীন অচল বা বন্ধ শিল্পসম্পদ পুনরুজ্জীবিত করতে এবং বেসরকারি খাতের বিনিয়োগ বাড়াতে সরকারের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, এই উদ্যোগ দেশের শিল্পায়নকে ত্বরান্বিত করার পাশাপাশি রপ্তানি বৃদ্ধি এবং হাজার হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখবে।

বৃহস্পতিবার (৯ জুলাই) সচিবালয়ে বাংলাদেশ জুট মিলস করপোরেশন(বিজেএমসি) এবং বাংলাদেশ জুট অ্যালায়েন্স লিমিটেডের মধ্যে ইজারা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মন্ত্রী।

চুক্তির আওতায় নতুন বেসরকারি বিনিয়োগের সুবিধা এবং শিল্প উৎপাদন সম্প্রসারণের লক্ষ্যে বিজেএমসি নরসিংদীতে ১৪.৮০ একর জমি বাংলাদেশ জুট অ্যালায়েন্স লিমিটেডকে ইজারা দিয়েছে।

বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, সরকারি মালিকানাধীন ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো প্রায়ই পরিচালনার সীমাবদ্ধতার মুখোমুখি হয়। অন্যদিকে, বেসরকারি প্রতিষ্ঠানগুলো সাধারণত ব্যবস্থাপনা ও উৎপাদনে অধিকতর দক্ষতার পরিচয় দেয়। রাষ্ট্রীয় সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে নতুন বিনিয়োগ আকর্ষণ এবং টেকসই কর্মসংস্থানের সুযোগ তৈরি করতেই সরকার বেসরকারি খাতের অংশগ্রহণকে উৎসাহিত করছে।

প্রতিমন্ত্রী জানান, সরকার বিজেএমসির ২৫টি বন্ধ মিলের মধ্যে ২০টিকে ইজারা দেওয়ার জন্য নির্বাচন করেছে, যার মধ্যে ইতিমধ্যে ১৪টি মিলের ইজারা চুক্তি সম্পন্ন হয়েছে।

তিনি আরও জানান, ইজারা দেওয়া মিলগুলোর মধ্যে ইতিমধ্যে ৯টি মিলে উৎপাদন শুরু হয়েছে, যা প্রায় ৯ হাজার ৫০০ শ্রমিকের কর্মসংস্থান সৃষ্টি করেছে এবং প্রতিদিন প্রায় ১৬০ মেট্রিক টন পাটজাত পণ্য উৎপাদিত হচ্ছে।

শরিফুল আলম বলেন, বাংলাদেশ জুট অ্যালায়েন্স লিমিটেড এর আগে ৩৪.৫০ একর জমি লিজ নিয়ে প্রায় ৩,২০০ মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছিল। নতুন এই চুক্তির আওতায় কোম্পানিটি আরও ১,০৫০ কোটি টাকা অতিরিক্ত বিনিয়োগ করবে।

এই নতুন বিনিয়োগের ফলে বছরে প্রায় ৩,০০০ কোটি টাকার পণ্য উৎপাদিত হবে এবং আরও ৩,০০০ নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে; যা বাংলাদেশের পাট খাত ও রপ্তানি সক্ষমতাকে আরও শক্তিশালী করবে। বন্ধ রাষ্ট্রীয় মিলগুলোতে বেসরকারি বিনিয়োগ আকর্ষণ দেশের শিল্প খাতকে পুনরুজ্জীবিত করার পাশাপাশি সরকারের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক উন্নয়ন কৌশলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ড. নাসিমুল গনি, ড. খায়রুজ্জামান চৌধুরীসহ বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।


মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ