Views Bangladesh Logo

সরকার দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা করছে : সেতুমন্ত্রী

সরকার দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা করছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

সোমবার (১১ মে) সচিবালয়ে ঈদুল আজহা উপলক্ষে নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করতে আয়োজিত প্রস্তুতিমূলক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

দৌলতদিয়া-পাটুরিয়া পয়েন্টে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ সড়ক দুর্ঘটনা কমাতে সাহায্য করবে কি না—এ প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ইতোমধ্যে এ বিষয়ে একটি পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি জানান, দ্বিতীয় পদ্মা সেতুর জন্য তিনটি প্রস্তাব রয়েছে, যার মধ্যে একটি প্রস্তাবিত রুট হলো উল্লিখিত স্থানটি।

মন্ত্রী বলেন, “আমরা দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করতে যাচ্ছি। এর সম্ভাব্যতা যাচাই ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এখন অর্থায়ন নিয়ে আলোচনা চলছে এবং প্রয়োজনীয় প্রস্তুতিমূলক কাজও এগিয়ে যাচ্ছে।”

ঈদের সময় নৌপথে নিরাপত্তা বিষয়ে তিনি বলেন, অতিরিক্ত সতর্কতা নেওয়া হয়েছে। আরিচা ঘাটে একটি বাস দুর্ঘটনায় পড়ার ঘটনায় তদন্তে দেখা গেছে ব্রেক ফেইলুর ছিল মূল কারণ। এ ধরনের দুর্ঘটনা এড়াতে ফেরিতে গাড়ি ওঠানোর আগে ব্যারিকেড বসানো হবে, যাতে ফেরি সম্পূর্ণ খালি না হওয়া পর্যন্ত নতুন গাড়ি উঠতে না পারে।

তিনি আরও জানান, সদরঘাটে স্পিডবোট ও লঞ্চ চলাচলে নতুন নিয়ম চালু করা হয়েছে। এখন থেকে স্পিডবোট যাত্রীরা সরাসরি লঞ্চে উঠতে পারবেন না, তাদের নির্দিষ্ট পন্টুন ব্যবহার করতে হবে। এ জন্য একটি সংযোগ সেতুও নির্মাণ করা হয়েছে।

আসন্ন ঈদকে সামনে রেখে মন্ত্রী বলেন, এবার প্রায় দেড় কোটি মানুষ ও প্রায় এক কোটি কোরবানির পশু পরিবহন করা হবে, ফলে এবারের ঈদ ব্যবস্থাপনা অত্যন্ত চ্যালেঞ্জিং হবে। তবে সব সংস্থা সমন্বিতভাবে কাজ করলে ভোগান্তি ও দুর্ঘটনা অনেকাংশে কমানো সম্ভব হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ