ভর্তুকি মূল্যে টিসিবির জন্য ৪৪৫ কোটি টাকার তেল ও ডাল কিনছে সরকার
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) কার্ডধারী এক কোটি নিম্ন আয়ের পরিবারের জন্য ভর্তুকি মূল্যে বিক্রির লক্ষ্যে পাম অলিন ও মসুর ডাল কেনার অনুমোদন দিয়েছে সরকার। এ জন্য ২ কোটি লিটার পরিশোধিত পাম অলিন এবং ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনা হবে। এতে সরকারের মোট ব্যয় হবে ৪৪৫ কোটি ৬০ লাখ টাকা।
বুধবার (২ সেপ্টেম্বর) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করা হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে টিসিবির জন্য এসব পণ্য কেনার সিদ্ধান্ত নেয় কমিটি।
অনুমোদন অনুযায়ী, স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ২ কোটি লিটার পরিশোধিত পাম অলিন সংগ্রহ করবে টিসিবি। প্রতি লিটার ১৮৩ টাকা ৮৫ পয়সা হিসাবে এ বাবদ ব্যয় হবে ৩৬৭ কোটি ৭০ লাখ টাকা। পরিবহন ব্যয়সহ টিসিবির গুদাম পর্যন্ত তেল সরবরাহ করবে সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান শবনম ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ঢাকা।
চলতি ২০২৬-২৭ অর্থবছরে টিসিবির ভোজ্যতেল সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে ২২ কোটি লিটার। এর মধ্যে ইতোমধ্যে ৮৪ লাখ ১ হাজার ৮০২ লিটার তেল কেনা হয়েছে। নতুন করে ২ কোটি লিটার পাম অলিন কেনার অনুমোদনের ফলে সংস্থাটির মজুত আরও বাড়বে।
অন্যদিকে একই বৈঠকে ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনার প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে। স্থানীয় উন্মুক্ত দরপত্রের মাধ্যমে প্রতি কেজি ৭৭ টাকা ৯০ পয়সা দরে এ ডাল সংগ্রহ করা হবে। এতে মোট ব্যয় হবে ৭৭ কোটি ৯০ লাখ টাকা।
২০২৬-২৭ অর্থবছরে টিসিবির মসুর ডাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার মেট্রিক টন। এরই মধ্যে ৮ হাজার ২৫০ মেট্রিক টন ডাল কেনা হয়েছে। নতুন চালানের তেল ও ডাল যুক্ত হলে টিসিবির মাধ্যমে এক কোটি নিম্ন আয়ের কার্ডধারী পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহের মজুত আরও শক্তিশালী হবে।
মতামত দিন