Views Bangladesh Logo

বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার: মন্ত্রী

জ্বালানি তেলের আমদানি ও বিপণনে বেসরকারি খাতকে আরও সম্পৃক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার। সরকারি ব্যবস্থার পাশাপাশি যোগ্য বেসরকারি প্রতিষ্ঠানকে জ্বালানি তেল আমদানির সুযোগ দিতে একটি সাধারণ নীতিমালা তৈরির কথা জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

মঙ্গলবার (১১ আগস্ট) রাজধানীর ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী হলে ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ (এফইআরবি) আয়োজিত ‘জ্বালানি খাতের সংকট: সম্ভাবনা ও উত্তরণের উপায়’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানকেও জ্বালানি তেল আমদানি ও বিপণনের সুযোগ দেওয়া হবে। সবাই যাতে ব্যবসা করতে পারে, সে জন্য একটি সাধারণ নীতিমালা করা হচ্ছে।

কোনো নির্দিষ্ট কোম্পানিকে সুবিধা দেওয়ার জন্য এ উদ্যোগ নেওয়া হচ্ছে—এমন অভিযোগ নাকচ করে ইকবাল হাসান মাহমুদ বলেন, একটি কোম্পানিকে সুবিধা দেওয়ার জন্য আমরা এটা করছি না। যাতে সবাই ব্যবসা করতে পারে, সেজন্যই একটি নীতি তৈরি করছি।

সাম্প্রতিক মধ্যপ্রাচ্য সংঘাতের কারণে দেশে জ্বালানি তেলের সরবরাহ নিয়ে অযথা আতঙ্ক তৈরি হয়েছিল বলেও মন্তব্য করেন মন্ত্রী। পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন এবং পরে কালোবাজারি ও অনলাইনভিত্তিক জ্বালানি বিক্রির ঘটনা ঘটে। এ পরিস্থিতির পর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান তিনি।

তার মতে, সরকারি ব্যবস্থার পাশাপাশি বেসরকারি খাতকে সুযোগ দেওয়া হলে বাজারে প্রতিযোগিতা বাড়বে এবং সরবরাহব্যবস্থা শক্তিশালী হবে।

শিল্পে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে সরকার আন্তরিক বলেও জানান মন্ত্রী। গ্যাসের চাপ কম থাকলে শিল্পোদ্যোক্তাদের উৎপাদন ও নগদ অর্থপ্রবাহে বড় ধরনের প্রভাব পড়ে। এতে ব্যাংকঋণ খেলাপি হওয়ার ঝুঁকিও তৈরি হয় বলে উল্লেখ করেন তিনি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ