Views Bangladesh Logo

১ আগস্ট থেকে শুরু টাইফয়েডের টিকাদান

জাতীয় নিয়মিত টিকাদান কর্মসূচিতে (ইপিআই) প্রথমবারের মতো যুক্ত হচ্ছে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিভি)। আগামী ১ আগস্ট থেকে সারা দেশে ১৫ মাস বয়সী শিশুদের এই টিকা দেওয়া শুরু হবে।

সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) শাখা এ–সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।

নির্দেশনা অনুযায়ী, ইপিআইয়ের স্থায়ী ও অস্থায়ী টিকাদানকেন্দ্রের মাধ্যমে ১৫ মাস বয়সী সব শিশুকে এক ডোজ টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন দেওয়া হবে। একই সেশনে এমআর-২ টিকার সঙ্গে এই টিকা দেওয়া যাবে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, টিকাদানে পাঁচ ডোজের ভায়াল ব্যবহার করা হবে। ভ্যাকসিন ২ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ ও পরিবহন করতে হবে। মাল্টিডোজ ভায়াল নীতিমালা অনুসরণ করে নির্ধারিত শর্তে খোলা ভায়াল পরবর্তী সেশনেও ব্যবহার করা যাবে, যাতে টিকার অপচয় কমানো সম্ভব হয়।

কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের জন্য মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে লক্ষ্যমাত্রাভুক্ত শিশু শনাক্ত, টিকার চাহিদা নির্ধারণ এবং নির্ধারিত দিনে টিকাদান নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ইপিআই অ্যাপে শিশুর নিবন্ধন, টিকা কার্ড ডাউনলোড এবং টিকা দেওয়ার পর স্মার্ট হেলথ বিডি ই-ট্র্যাকার অ্যাপে তথ্য হালনাগাদের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ইমাম, ধর্মীয় ও কমিউনিটি নেতাদের সম্পৃক্ত করে মাইকিং, উঠান বৈঠক, বাড়ি বাড়ি প্রচার এবং আন্তঃব্যক্তিক যোগাযোগের মাধ্যমে অভিভাবকদের মধ্যে টাইফয়েড টিকা সম্পর্কে সচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ