Views Bangladesh Logo

প্রবাসে লোক পাঠানোর নামে প্রতারক চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী

প্রবাসে লোক পাঠানোর নামে যেসব প্রতিষ্ঠান প্রতারণার আশ্রয় নিচ্ছে, সেসব প্রতারক চক্রের বিরুদ্ধে সরকার দ্রুত ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

সোমবার (২৫ মে) সিলেট জেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন দুর্ঘটনায় আহত শ্রমিক ও নিহত শ্রমিকদের পরিবারকে আর্থিক সহায়তার জন্য চেক বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

প্রবাসীকল্যাণমন্ত্রী বলেন, শ্রমিকদের সর্বোচ্চ সহযোগিতার লক্ষ্যে দ্রুততম সময়ের মধ্যে শ্রম আইন সংশোধনের পদক্ষেপ নিয়েছে সরকার।

এ সময় সড়ক দুর্ঘটনাসহ কর্মস্থলে যাওয়ার সময় বিভিন্ন দুর্ঘটনায় আহত ও নিহত শ্রমিক পরিবারকে সহায়তার পাশাপাশি হাওর অঞ্চলে বজ্রপাতে নিহত শ্রমিকদের ব্যাপারে সরকারের সার্বিক সহযোগিতা করার পরিকল্পনার কথাও জানান তিনি।

এর আগে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে চেক বিতরণ অনুষ্ঠানে সিলেট ও সুনামগঞ্জ জেলার মোট ২০১ জন আহত ও নিহত শ্রমিকের পরিবারের হাতে ৬৩ লাখ ৫০ হাজার টাকার চেক তুলে দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী। সর্বনিম্ন ১০ হাজার থেকে ২ লাখ টাকা পর্যন্ত শ্রমিক পরিবারগুলোকে বিতরণ করা হয়।

সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার, সিলেটের বিভাগীয় কমিশনার মশিউর রহমান, পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিল্লুর রহমান, সিলেট মহানগর পুলিশ (এসএমপি) কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী, সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দীপ কুমার সিংহ প্রমুখ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ