Views Bangladesh Logo

জাতীয় যুব দিবস ১ নভেম্বর, সিদ্ধান্ত বদল সরকারের

 VB  Desk

ভিবি ডেস্ক

জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস একই দিনে উদযাপনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। আগের নিয়মে ফিরে গিয়ে প্রতিবছর ১ নভেম্বর জাতীয় যুব দিবস এবং ১২ আগস্ট আন্তর্জাতিক যুব দিবস পৃথকভাবে উদযাপনের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে দীর্ঘদিন ধরে প্রতিবছর ১ নভেম্বর 'জাতীয় যুব দিবস' এবং ১২ আগস্ট 'আন্তর্জাতিক যুব দিবস' পৃথকভাবে উদযাপন করা হতো। অন্তর্বর্তী সরকারের সময় উপদেষ্টা পরিষদের এক বৈঠকে দুই দিবস একত্রে ১২ আগস্ট তারিখে উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

সেই সিদ্ধান্ত অনুযায়ী ২০২৫ সালে দুই দিবস একত্রে ১২ আগস্ট পালন করতে গিয়ে বর্ষাকালীন আবহাওয়ার কারণে যুব র‍্যালি, যুব সমাবেশ ও যুব মেলার মতো আয়োজন সফলভাবে সম্পন্ন করা যায়নি বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এতে যুব উদ্যোক্তারা নিজেদের উৎপাদিত পণ্য প্রদর্শন ও বিক্রির ক্ষেত্রেও সমস্যায় পড়েন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাতীয় যুব দিবস ছাড়া অন্য সময়ে যুবমেলার আয়োজন করলে কাঙ্ক্ষিত জনসম্পৃক্ততা ও বাণিজ্যিক সাফল্য অর্জিত হয় না। এ ছাড়া জাতীয় যুব দিবস সরকারি অর্থায়নে উদযাপিত হলেও আন্তর্জাতিক যুব দিবস সাধারণত সরকারি-বেসরকারি সংস্থা ও উন্নয়ন সহযোগীদের সহযোগিতায় পালিত হয়ে থাকে—দুটি দিবসের অর্থায়ন ও প্রকৃতি ভিন্ন হওয়ায় একত্রে উদযাপনে জটিলতা তৈরি হচ্ছিল বলেও জানানো হয়েছে।

এসব কারণ বিবেচনায় নিয়ে মন্ত্রিসভা থেকে দুই দিবস ১২ আগস্ট একত্রে উদযাপনের পরিবর্তে পৃথকভাবে ১২ আগস্ট আন্তর্জাতিক যুব দিবস ও ১ নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপনের প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ