Views Bangladesh Logo

২৪৩ সহকারী শিক্ষকের চাকরি স্থায়ী করল সরকার

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ২৪৩ জন সহকারী শিক্ষকের চাকরি স্থায়ীকরণ (নিয়মিতকরণ) করেছে সরকার। এর ফলে তারা নিজ নিজ যোগদানের তারিখ থেকে সরকারি বিধি অনুযায়ী বেতন-ভাতা ও অন্যান্য আনুতোষিক সুবিধার আওতায় আসলেন।

গত ৩ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে জানানো হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (কর্মচারী) নিয়োগ বিধিমালা, ২০২১–এর বিধান মোতাবেক ২৪৩ জন সহকারী শিক্ষকের চাকরি স্থায়ীকরণের সব শর্ত পূরণ হওয়ায় তাঁদের যোগদানের তারিখ থেকে চাকরি স্থায়ী করা হয়েছে।

জারিকৃত নির্দেশনা অনুযায়ী, শিক্ষকরা তাদের মূল যোগদানের তারিখ থেকে প্রযোজ্য সরকারি নিয়ম মেনে নিয়মিত বেতন-ভাতা পাবেন। এছাড়া চাকরি জীবনের বকেয়া বেতন-ভাতা ও প্রাপ্য অন্যান্য সুযোগ-সুবিধাও তারা গ্রহণ করতে পারবেন।

প্রজ্ঞাপনের সঙ্গে সংযুক্ত তালিকা পর্যালোচনায় দেখা যায়, এই শিক্ষকদের অনেকেই ২০১৭ ও ২০১৮ সালে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেছিলেন, আর বাকিরা সেই সময়ের পরে যোগদান করেন। ফলে সরকারি চাকরিতে যোগদানের কয়েক বছর পর অবশেষে তাদের পদগুলো স্থায়ী করা হলো।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ