চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড পুনর্গঠন
বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড পুনর্গঠন করেছে সরকার। গত ২৯ জুলাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে নতুন ১৫ সদস্যের বোর্ড গঠনের বিষয়টি জানানো হয়।
বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন অনুযায়ী গঠিত এই বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব। আর বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ভাইস চেয়ারম্যান সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন।
নতুন বোর্ডে চলচ্চিত্র ও সংস্কৃতি অঙ্গনের বেশ কয়েকজন পরিচিত ব্যক্তিত্বকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) সাবেক সভাপতি ও চলচ্চিত্র গবেষক আবদুর রহমান, অভিনেত্রী কাজী নওশাবা, গীতিকার প্রিন্স মাহমুদ, সংগীতশিল্পী দিঠি আনোয়ার, বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেন এবং বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি শাহীন সুমন।
এ ছাড়া বোর্ডের সদস্য হিসেবে রাখা হয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (চলচ্চিত্র), আইন ও বিচার বিভাগের একজন প্রতিনিধি, প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রেস উইংয়ের একজন প্রতিনিধি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি এবং বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালককে।
নতুন এই বোর্ড দেশের চলচ্চিত্রের সার্টিফিকেশন কার্যক্রম পরিচালনার পাশাপাশি সংশ্লিষ্ট আইন ও নীতিমালা অনুযায়ী চলচ্চিত্র মূল্যায়নের দায়িত্ব পালন করবে।
মতামত দিন