মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের বেতন বৃদ্ধি
সরকার মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের সহকারী একান্ত সচিব (এপিএস)-দের বেতন কাঠামো পুনর্নির্ধারণ করেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি চাকরির বাইরে থেকে নিয়োগ পাওয়া এপিএসরাও এখন থেকে বাড়তি বেতন পাবেন।
অর্থ বিভাগ সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে এ বিষয়ে চিঠি পাঠিয়েছে, যেখানে নতুন বেতন স্কেল নির্ধারণের বিষয়টি জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, মন্ত্রী-প্রতিমন্ত্রী (সমমর্যাদাসহ) এবং উপমন্ত্রীদের একান্ত সচিবদের ক্ষেত্রে বেতন নবম গ্রেডের অষ্টম ধাপে নির্ধারণ করা হয়েছে, যার পরিমাণ ৩২ হাজার ৫৪০ টাকা।
এর আগে এসব এপিএস নবম গ্রেডের শুরুতে ২২ হাজার টাকা বেতনে নিয়োগ পেতেন। তবে অনেক ক্ষেত্রে ইনক্রিমেন্ট যোগ করে বেতন নির্ধারণ করা হতো।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এই মূল বেতনের বাইরে তারা নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতা পাবেন। তবে তাদের জন্য কোনো বার্ষিক বেতন বৃদ্ধি, পেনশন, আনুতোষিক বা ভবিষ্য তহবিল সুবিধা প্রযোজ্য হবে না। এই বেতন কাঠামো শুধুমাত্র সরকারি চাকরির বাইরে থেকে নিয়োগ পাওয়া এপিএস ও পিএসদের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
সরকারি কর্মকর্তাদের মধ্য থেকে যেসব এপিএস নিয়োগ দেওয়া হয়, তারা এই নতুন বেতন গ্রেডের আওতায় পড়বেন না।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে