কারিগরি শিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী
দেশের বিপুল জনসম্পদকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে সরকার কারিগরি শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, প্রচলিত শিক্ষাব্যবস্থার পাশাপাশি কারিগরি ও প্রযুক্তিনির্ভর শিক্ষার বিকল্প নেই।
শনিবার (১ আগস্ট) রাজধানীর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে জুলাই অভ্যুত্থান স্মরণে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান কারিগরি শিক্ষার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। দেশের তরুণদের দক্ষ করে তুলতে শিক্ষাব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন। শুধু প্রচলিত শিক্ষাব্যবস্থার মাধ্যমে দেশের বিশাল জনসম্পদকে কাজে লাগানো সম্ভব নয়। তাই কারিগরি শিক্ষার সুযোগ আরও সম্প্রসারণ করতে হবে।
তিনি জানান, এ লক্ষ্য বাস্তবায়নে দেশের বিভিন্ন স্থানে নতুন চারটি ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি কারিগরি শিক্ষার মানোন্নয়ন ও দক্ষতা উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতাও বাড়ানো হচ্ছে। প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফরের সময় বাংলাদেশ ও চীনের মধ্যে কারিগরি শিক্ষা উন্নয়ন এবং দক্ষতা বৃদ্ধিতে একটি সমঝোতা স্মারক সই হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
জুলাই অভ্যুত্থানের স্মৃতিচারণ করে শিক্ষামন্ত্রী বলেন, জুলাইয়ের স্মৃতি কখনও মুছে যাবে না। দেশের জন্য যারা আত্মত্যাগ করেছেন, তাদের অবদান ভবিষ্যৎ প্রজন্মের কাছে সংরক্ষণ করতে হবে।
তিনি আরও বলেন, দক্ষ মানবসম্পদই বাংলাদেশের ভবিষ্যৎ। তাই দেশের তরুণদের দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের উপযোগী করে গড়ে তুলতে শিক্ষাব্যবস্থাকে কর্মমুখী ও প্রযুক্তিনির্ভর করতে হবে।
বিশ্ববিদ্যালয় ও কলেজ পর্যায়ে পরিবহন সংকট নিরসনে প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব উপস্থাপনের আশ্বাসও দেন শিক্ষামন্ত্রী। একই সঙ্গে শিক্ষাব্যবস্থাকে আধুনিকায়নের ওপরও গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও ‘মায়ের ডাক’-এর প্রধান সমন্বয়ক সানজিদা তুলি বলেন, দেশকে এগিয়ে নিতে দলীয় বিভাজনের ঊর্ধ্বে উঠে সবাইকে কাজ করতে হবে। স্বৈরাচারের বিরুদ্ধে কোনো আপস হতে পারে না।
জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, বাংলাদেশে ছাত্ররাজনীতিতে মতপার্থক্য থাকতে পারে, তবে জুলাই নিয়ে কোনো বিভেদ নেই।
মতামত দিন