১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, ৮০ শতাংশই নারী: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে নতুন করে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, যার ৮০ শতাংশই নারী। গ্রামীণ স্বাস্থ্যসেবা উন্নয়নের জন্য এই কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
শনিবার (২ মে) সিলেট সিটি করপোরেশন আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে তিনি সিলেট অঞ্চলের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তরও স্থাপন করেন।
প্রধানমন্ত্রী বলেন, শহরের মানুষ কিছুটা চিকিৎসাসেবা পেলেও গ্রামের মানুষ এখনো পর্যাপ্ত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। তাই নতুন এই উদ্যোগের মাধ্যমে গ্রামে গ্রামে স্বাস্থ্যকর্মী পাঠানো হবে, যারা সাধারণ মানুষকে স্বাস্থ্য সচেতনতা বিষয়ে শিক্ষা দেবেন।
তিনি আরও জানান, এসব স্বাস্থ্যকর্মী মানুষের ঘরে ঘরে গিয়ে ডায়াবেটিস, হৃদরোগসহ বিভিন্ন রোগ প্রতিরোধে খাদ্যাভ্যাস ও জীবনযাপনের নিয়ম সম্পর্কে সচেতন করবেন। পাশাপাশি তারা স্বাস্থ্যবিধি, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্রাথমিক চিকিৎসা বিষয়ে প্রশিক্ষণ দেবেন।
প্রধানমন্ত্রী বলেন, আমরা যদি মানুষকে সচেতন করতে পারি, তাহলে অনেক রোগ প্রতিরোধ করা সম্ভব হবে এবং অসুস্থতার হার কমে আসবে।
অনুষ্ঠানে তিনি নদীদূষণ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, বুড়িগঙ্গাসহ দেশের বিভিন্ন নদী দূষণের ঝুঁকিতে রয়েছে। এ পরিস্থিতি ঠেকাতে প্লাস্টিক, পলিথিন ও বর্জ্য ব্যবস্থাপনায় জনসচেতনতা বাড়াতে হবে। শিক্ষার্থীদের মাধ্যমে পরিবার পর্যায়েও সচেতনতা ছড়িয়ে দিতে হবে।
সড়ক যোগাযোগ উন্নয়নের প্রসঙ্গে তিনি বলেন, ঢাকা–সিলেট মহাসড়কের দীর্ঘদিনের সমস্যা সমাধানে সরকার কাজ করছে। বিভিন্ন প্রশাসনিক জটিলতা কাটিয়ে প্রকল্প বাস্তবায়ন শুরু হবে এবং কয়েক বছরের মধ্যে কাজ শেষ করার লক্ষ্য রয়েছে।
তিনি আরও বলেন, রেল যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নে সরকার কাজ করছে। ডাবল লাইন স্থাপনসহ অবকাঠামো উন্নয়ন হলে যাতায়াত সহজ হবে, সময় ও খরচ কমবে।
এ ছাড়া সিলেটে বন্ধ থাকা একটি আইটি পার্ক দ্রুত চালুর ঘোষণা দেন তিনি। তরুণদের জন্য আইটি ও ফ্রিল্যান্সিং সুযোগ বাড়াতে সরকার ভোকেশনাল ও প্রযুক্তি প্রশিক্ষণ সম্প্রসারণ করছে বলেও জানান।
সিলেট সফরকে তিনি উন্নয়ন কর্মকাণ্ডের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উল্লেখ করেন। সফরের শুরুতে তিনি সিলেটে পৌঁছে বিভিন্ন প্রকল্প উদ্বোধন করেন এবং পরে হজরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করেন।
সরকারের মেয়াদ নিয়ে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকারের বয়স অল্প হলেও ইতোমধ্যে বেশ কিছু উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু হয়েছে এবং ভবিষ্যতে এসব কাজ আরও দ্রুত এগিয়ে যাবে।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন ও বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে