Views Bangladesh Logo

কোস্টগার্ডে ১০ হাজার জনবল নিয়োগের পরিকল্পনা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

কোস্টগার্ডে ১০ হাজার নতুন জনবল নিয়োগের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে কোস্টগার্ড সদর দপ্তরে অনুষ্ঠিত বাহিনীটির ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, উপকূলীয় নিরাপত্তা জোরদার ও বাহিনীর সক্ষমতা বাড়াতে সরকার কোস্টগার্ডে ১০ হাজার নতুন জনবল নিয়োগের পরিকল্পনা নিয়েছে। উপকূলীয় এলাকা বিশেষ করে সুন্দরবনের নিরাপত্তায় কোস্টগার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বাহিনীর সার্বিক উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং ইতোমধ্যে আধুনিকায়নে নানা উদ্যোগ নেওয়া হয়েছে।

সালাহউদ্দিন আহমদ জানান, খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি সরকারের আমলে কোস্টগার্ড প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এটি জনগণের আস্থার প্রতীক হিসেবে গড়ে উঠেছে। মাদক চোরাচালান প্রতিরোধ, মৎস্যসম্পদ রক্ষা, জলদস্যুতা দমন ও পরিবেশ সুরক্ষায় বাহিনীর ভূমিকা প্রশংসনীয়।

প্রাকৃতিক দুর্যোগে উদ্ধার তৎপরতায় কোস্টগার্ড সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে উল্লেখ করে তিনি বলেন, উপকূলীয় অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতেও তারা সক্রিয় রয়েছে।

কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল জিয়াউল হক বলেন, নদীপথে চোরাচালান ও জলদস্যুতা প্রতিরোধ এবং দেশের মৎস্যসম্পদ রক্ষায় বাহিনী নিরলসভাবে কাজ করছে। গত এক বছরে নদীপথে শত শত কোটি টাকার মাদক ও চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে।

তবে তিনি জনবল সংকটের কথা উল্লেখ করে বলেন, এই ঘাটতি পূরণ করা গেলে নদীপথের নিরাপত্তা, মৎস্যসম্পদ রক্ষা এবং যেকোনো জাতীয় জরুরি পরিস্থিতি মোকাবিলা আরও কার্যকরভাবে করা সম্ভব হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ