স্বাস্থ্য ও চিকিৎসা খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দের ঘোষণা মির্জা ফখরুলের
স্বাস্থ্য ও চিকিৎসা খাতে জাতীয় অর্থনীতির মোট দেশজ উৎপাদনের (জিডিপি) অন্তত ৫ শতাংশ বরাদ্দ দেওয়ার ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (৮ আগস্ট) সকালে জাতীয় সংসদের এলডি হলে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
মির্জা ফখরুল বলেন, নির্বাচনের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার দেশ পুনর্গঠনের কর্মপরিকল্পনা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারাকে এগিয়ে নিতে স্বাস্থ্য খাতকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এ খাতে পর্যাপ্ত বিনিয়োগ নিশ্চিত করা হলে চিকিৎসাসেবার মানোন্নয়নের পাশাপাশি সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ আরও বাড়বে বলেও তিনি জানান।
দেশের রাজনৈতিক স্থিতিশীলতাকে টেকসই উন্নয়নের অন্যতম শর্ত হিসেবে উল্লেখ করে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, বাংলাদেশ যখনই অগ্রগতির পথে এগিয়েছে, তখনই দেশি-বিদেশি বিভিন্ন মহল থেকে ষড়যন্ত্রের চেষ্টা হয়েছে। বর্তমানে একটি মহল দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে দাবি করে তিনি এসব তৎপরতার বিরুদ্ধে দেশের সচেতন নাগরিক ও পেশাজীবীদের সতর্ক থাকার আহ্বান জানান।
এর আগে চিকিৎসক সমাবেশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে তিনি জানান, দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে সরকার এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নিতে যাচ্ছে। একই সঙ্গে দ্রুত ‘ই-হেলথ কার্ড’ চালু এবং উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোকে ১০১ শয্যায় উন্নীত করার পরিকল্পনার কথাও জানান তিনি।
পেশাজীবীদের রাজনৈতিক সম্পৃক্ততা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় শিক্ষক, শিক্ষার্থী কিংবা বিভিন্ন পেশার মানুষের রাজনৈতিক সচেতনতা ও নিজস্ব মতাদর্শ থাকা স্বাভাবিক। তবে রাজনৈতিক কর্মকাণ্ড যেন পেশাগত দায়িত্ব পালনে নেতিবাচক প্রভাব না ফেলে, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। ৫ আগস্টের পর দেশের রাজনীতিতে পরিবর্তনের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি প্রচলিত রাজনৈতিক চর্চার বাইরে গিয়ে ইতিবাচক ও গুণগত পরিবর্তন আনার ওপর গুরুত্বারোপ করেন।
ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিলসহ সংগঠনের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। চিকিৎসক সমাবেশে দেশের স্বাস্থ্য খাতের বিভিন্ন সমস্যা, চিকিৎসকদের পেশাগত দায়িত্ব এবং ভবিষ্যৎ স্বাস্থ্যনীতি নিয়েও আলোচনা হয়।
মতামত দিন