১৬ খাতে নির্দিষ্ট কর আরোপের পরিকল্পনা সরকারের: অর্থমন্ত্রী
আগামী ২০২৬-২৭ অর্থবছরে মুদি দোকান, বিউটি পার্লার, রেস্টুরেন্টসহ ১৬টি ব্যবসা খাতকে ভ্যাটের নির্দিষ্ট কর ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনা নিয়েছে সরকার। জাতীয় সংসদে এক লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে অর্থমন্ত্রী জানান, ২০২৪-২৫ অর্থবছরে মূল্য সংযোজন কর (ভ্যাট) থেকে সরকারের রাজস্ব আয় হয়েছে ১ লাখ ৪১ হাজার ৫৮৬ কোটি টাকা। রাজস্ব আহরণ বৃদ্ধি এবং করের আওতা সম্প্রসারণের লক্ষ্যে নতুন কিছু ব্যবসা খাতকে নির্দিষ্ট কর ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে।
সংসদ সদস্য সেলিনা সুলতানার এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, আগামী অর্থবছরে যেসব খাতকে নির্দিষ্ট কর ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনা, সেগুলোর মধ্যে রয়েছে— মুদি দোকান, তৈরি পোশাক ও কাপড়ের বিক্রেতা, কনফেকশনারি, কসমেটিকসের দোকান, প্লাস্টিক ও সিরামিকের গৃহস্থালি পণ্য বিক্রেতা, জুতার দোকান, হার্ডওয়্যার পণ্যের ব্যবসা, ডেকোরেটর প্রতিষ্ঠান, মোবাইল ফোন ও বিভিন্ন ইলেকট্রনিকস পণ্যের বিক্রেতা, পেইন্ট, স্যানিটারি ও ফিটিংস ব্যবসা, টাইলসের দোকান, ঢেউটিন ব্যবসা, রড ও সিমেন্ট বিক্রেতা, ফার্নিচার ব্যবসা, বিউটি পার্লার, মিষ্টান্ন ভান্ডার এবং রেস্টুরেন্ট।
অর্থ মন্ত্রণালয়ের এই উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের খুচরা ও মাঝারি পর্যায়ের ব্যবসা প্রতিষ্ঠানগুলো কর ব্যবস্থার আওতায় আরও সংগঠিতভাবে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে ব্যবসায়ী মহলের একটি অংশের আশঙ্কা, নতুন কর আরোপের ফলে ব্যবসার পরিচালন ব্যয় বাড়তে পারে এবং তার প্রভাব ভোক্তা পর্যায়েও পড়তে পারে।
এ বিষয়ে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, কর ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও কার্যকর করার পাশাপাশি রাজস্ব আহরণ বাড়ানোই এ উদ্যোগের মূল লক্ষ্য।
মতামত দিন