শিক্ষার্থীদের ফ্রি ওয়াই-ফাই সুবিধা দেওয়ার পরিকল্পনা: শিক্ষামন্ত্রী
সরকার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ওয়াই-ফাই সুবিধা চালুর পরিকল্পনা করছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।
সোমবার (৯ মার্চ) রাজধানীতে শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন বিষয়ক এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, সরকার মুখস্থনির্ভর শিক্ষার গণ্ডি পেরিয়ে সৃজনশীলতা, বিশ্লেষণধর্মী চিন্তাভাবনা ও ব্যবহারিক দক্ষতার ভিত্তিতে একটি আধুনিক শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে।
তিনি জানান, শিক্ষার মানোন্নয়নে শিক্ষক প্রশিক্ষণ জোরদার করা, প্রযুক্তিনির্ভর শিক্ষা সম্প্রসারণ, মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ স্থাপন এবং ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
এছাড়া শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে মাধ্যমিক স্তর থেকে তৃতীয় ভাষাশিক্ষা চালু, সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষাকে বাধ্যতামূলক করা এবং খেলাধুলা, সাংস্কৃতিক কার্যক্রম ও নৈতিক শিক্ষায় শিক্ষার্থীদের সম্পৃক্ত করার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে