সব সরকারি চিঠিতে ‘নজরুল বর্ষ’ লোগো ব্যবহারের নির্দেশ
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে ঘোষিত ‘নজরুল বর্ষ’ উদ্যাপনের অংশ হিসেবে আগামী বছরের ২৫ মে পর্যন্ত সব ধরনের সরকারি দাপ্তরিক চিঠিপত্রে নির্ধারিত ‘নজরুল বর্ষ’ লোগো ব্যবহারের নির্দেশ দিয়েছে সরকার।
রোববার (২৬ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ এ-সংক্রান্ত নির্দেশনা জারি করে সব মন্ত্রণালয় ও বিভাগের জ্যেষ্ঠ সচিব-সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি) এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) কাছে চিঠি পাঠিয়েছে।
নির্দেশনায় বলা হয়, সরকার চলতি বছরের ২৫ মে থেকে আগামী বছরের ২৫ মে পর্যন্ত সময়কে ‘নজরুল বর্ষ’ হিসেবে ঘোষণা করেছে। এ উপলক্ষে গত ২ জুলাই প্রধানমন্ত্রী ‘নজরুল বর্ষ’-এর নির্ধারিত লোগো উন্মোচন করেন।
চিঠিতে আরও বলা হয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আদর্শ, চেতনা ও কর্মকে রাষ্ট্রীয় কর্মকাণ্ড ও জনজীবনে যথাযথ মর্যাদায় ধারণ করার লক্ষ্যে ২৫ মে ২০২৭ পর্যন্ত সব সরকারি দাপ্তরিক পত্রে ‘নজরুল বর্ষ’-এর নির্ধারিত লোগো ব্যবহারের জন্য সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় অনুরোধ জানিয়েছিল।
সংস্কৃতি মন্ত্রণালয়ের সেই অনুরোধের পরিপ্রেক্ষিতে মন্ত্রিপরিষদ বিভাগ এ নির্দেশনা জারি করেছে।
মতামত দিন