Views Bangladesh Logo

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, অতীতে অপরিকল্পিত সিদ্ধান্তের কারণে বিদ্যুৎ ও জ্বালানি খাতে যে সংকট তৈরি হয়েছে, তা থেকে দেশ ও জনগণকে রক্ষায় বর্তমান সরকার সর্বোচ্চ চেষ্টা করছে।

শনিবার জাতীয় সংসদ ভবনের এলডি হলে বাংলাদেশ ডক্টরস অ্যাসোসিয়েশনের (ড্যাব) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে মানুষ বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকটে ভুগছে—সরকার তা অস্বীকার করছে না। তবে অতীতে কিছু প্রতিষ্ঠানকে বিশেষ সুবিধা দিতে নেওয়া অপরিকল্পিত উদ্যোগের মূল্য এখন দেশ, জনগণ ও সরকারকে দিতে হচ্ছে।

তিনি বলেন, বর্তমান সরকার একটি ভঙ্গুর পরিস্থিতি উত্তরাধিকারসূত্রে পেয়েছে। সেই পরিস্থিতি কাটিয়ে উঠতে এবং বিভিন্ন সংকট মোকাবিলায় ইতোমধ্যে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। ধীরে ধীরে মানুষকে গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সংকট থেকে বের করে আনার পরিকল্পনা করা হচ্ছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, রাষ্ট্র, রাজনীতি ও প্রশাসনে ফ্যাসিবাদের সুবিধাভোগীরা বসে নেই। বিভিন্ন কৌশলে তারা দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে এবং এ খাত নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে।

সমাবেশের আগে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে নিম ও অর্জুন গাছের চারা রোপণ করেন। পরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বেলুন ও পায়রা উড়িয়ে চিকিৎসক সমাবেশের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও দোয়া অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন এলাকা থেকে ড্যাবের চিকিৎসক, নেতা ও কর্মীরা এতে অংশ নেন।

সমাবেশে সভাপতিত্ব করেন ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ। বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমান, সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এবং ড্যাবের মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ