Views Bangladesh Logo

হামে মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করেছে সরকার: স্বাস্থ্য সচিব

দেশে হামে আক্রান্ত ও উপসর্গে শিশু মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করেছে সরকার। স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরী জানিয়েছেন, এসব মৃত্যুর পেছনে কোনো অবহেলা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

শনিবার (৯ মে) এক অনুষ্ঠানে তিনি বলেন, হামে মৃত্যুর ঘটনায় কোনো অবহেলা ছিল কি না এবং থাকলে কার দায় রয়েছে—তা নির্ধারণে সরকার তদন্ত শুরু করেছে।

তিনি আরও জানান, তদন্ত শেষ হলে প্রতিবেদন জনসম্মুখে প্রকাশ করা হবে। তবে তদন্তের সময়সীমা বা বিস্তারিত প্রক্রিয়া সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানানো হয়নি।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি প্রাদুর্ভাব শুরু হওয়ার পর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫২ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত মারা যাওয়া শিশুদের মধ্যে তিনজনের শরীরে হাম শনাক্ত হয়েছিল। বাকি ছয়জন হামের উপসর্গে আক্রান্ত ছিল।

একই সময়ে নতুন করে ৪৮৯ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। এছাড়া আরও ৯৪৬ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। সব মিলিয়ে একদিনে আক্রান্ত হয়েছে ১ হাজার ৪৩৫ শিশু।

অধিদপ্তরের তথ্যমতে, বরিশালে হাম শনাক্ত হওয়া তিন শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া হামের উপসর্গে ঢাকায় তিনজন, খুলনায় দুইজন এবং সিলেটে একজন শিশুর মৃত্যু হয়েছে।

গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে ৪৭ হাজার ৬৫৬ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ৩৩ হাজার ৬৩১ শিশু। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৯ হাজার ৭৪৬ শিশু।

একই সময়ে মোট ৬ হাজার ৯৭৯ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ