Views Bangladesh Logo

জ্বালানি তেলের দাম অপরিবর্তিত, আগস্টেও থাকছে আগের মূল্য

 VB  Desk

ভিবি ডেস্ক

আগস্ট মাসের জন্য দেশের বাজারে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (৩০ জুলাই) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রলের বর্তমান খুচরা মূল্যই আগামী ১ আগস্ট থেকে কার্যকর থাকবে। সে অনুযায়ী, ডিজেলের দাম প্রতি লিটার ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, অকটেন ১৪৫ টাকা এবং পেট্রল ১৪০ টাকাই থাকবে।

সরকার জানিয়েছে, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী থাকলেও দেশের বাজারে আগস্ট মাসে নতুন করে কোনো মূল্য সমন্বয় করা হচ্ছে না। এর আগে গত ৩১ মে মূল্য নির্ধারণের পর জুন ও জুলাই মাসেও জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছিল।

গত বছরের মার্চ থেকে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ ব্যবস্থা চালু রয়েছে। এই ব্যবস্থার আওতায় প্রতি মাসে জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা করা হয়। বর্তমানে এলপিজির মূল্যও আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসে নির্ধারণ করছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জানিয়েছে, দেশে বছরে প্রায় ৭২ লাখ টন জ্বালানি তেলের চাহিদা রয়েছে। এর মধ্যে প্রায় ৭৫ শতাংশই ডিজেল, যা মূলত কৃষি সেচ, পরিবহন ও জেনারেটরে ব্যবহৃত হয়। বাকি চাহিদা পূরণ হয় পেট্রল, অকটেন, কেরোসিন, জেট ফুয়েল ও ফার্নেস অয়েলসহ অন্যান্য জ্বালানি দিয়ে। বর্তমানে ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেনের দাম নির্ধারণ করে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ, আর জেট ফুয়েল ও ফার্নেস অয়েলের মূল্য নির্ধারণ করে বিইআরসি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ