জেলা পরিষদে বিদ্যুৎ সাশ্রয়ে ছাদে সৌরবিদ্যুৎ, কাজ শেষের সময় ৩১ জানুয়ারি
বিদ্যুতের ব্যবহার কমানো ও টেকসই জ্বালানি ব্যবস্থাপনা নিশ্চিত করতে দেশের সব জেলা পরিষদে ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের নির্দেশ দিয়েছে সরকার। আগামী ৩১ জানুয়ারির মধ্যে জেলা পরিষদের আওতাধীন বিভিন্ন স্থাপনায় সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের কাজ শেষ করতে বলা হয়েছে।
স্থানীয় সরকার বিভাগের জেলা পরিষদ শাখা গত ১৫ সেপ্টেম্বর এ বিষয়ে জরুরি নির্দেশনা জারি করে। বিদ্যুৎ বিভাগের গত ১ সেপ্টেম্বরের নির্দেশনার পরিপ্রেক্ষিতে দেশের সব জেলা পরিষদের প্রশাসক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে এ চিঠি পাঠানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, স্থানীয় সরকার বিভাগের আওতাধীন জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি প্রধান কার্যালয় এবং জেলা পরিষদের অধীন স্থাপনাগুলোতে ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করতে হবে। এর মধ্যে জেলা পরিষদ ভবন, মিলনায়তন, ডাকবাংলো, বাজারসহ অন্যান্য ভবন রয়েছে।
প্রতিটি স্থাপনায় কমপক্ষে দুই ঘণ্টা ব্যাকআপ সুবিধাসহ সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন বাধ্যতামূলক করা হয়েছে। এ কাজে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা রাজস্ব বাজেটের অর্থ ব্যয় করা যাবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।
এতে আরও বলা হয়েছে, সৌরবিদ্যুৎ ব্যবস্থার মাধ্যমে সংশ্লিষ্ট স্থাপনার বিদ্যুতের চাহিদা মেটানোর পর অতিরিক্ত বিদ্যুৎ নেট মিটারিং ব্যবস্থার মাধ্যমে জাতীয় গ্রিডে সরবরাহ করতে হবে। নেট মিটারিং নির্দেশিকা-২০২৫ অনুযায়ী জাতীয় গ্রিডে সরবরাহ করা প্রতি ইউনিট বিদ্যুতের বিপরীতে ১০ টাকা ৫০ পয়সা পাওয়া যাবে।
এর ফলে জেলা পরিষদগুলোর রাজস্ব আয় বাড়ানোর সুযোগ তৈরি হবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে। আর্থিকভাবে স্বয়ংসম্পূর্ণ জেলা পরিষদগুলোকে নিজস্ব রাজস্ব ও বার্ষিক উন্নয়ন কর্মসূচির অর্থ ব্যবহার করে সৌরবিদ্যুতের ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি বাণিজ্যিকভাবে সৌরবিদ্যুৎ ব্যবহারের পরিধি বাড়ানোর উদ্যোগ নিতে বলা হয়েছে।
অন্যদিকে আর্থিকভাবে স্বয়ংসম্পূর্ণ নয়—এমন জেলা পরিষদগুলো জাতীয় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ কর্মসূচি বাস্তবায়ন নির্দেশিকার আওতায় এ কার্যক্রম বাস্তবায়ন করবে। এ ক্ষেত্রে বিদ্যুৎ বিতরণকারী সংস্থার তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর আর্থিক ও কারিগরি সহায়তা নেওয়ার কথা বলা হয়েছে।
সৌর প্যানেল স্থাপনকারী প্রতিষ্ঠানের সঙ্গে পরবর্তী ২০ বছরের মেরামত ও রক্ষণাবেক্ষণ সংক্রান্ত চুক্তি করার নির্দেশও দেওয়া হয়েছে। এ জন্য নন-জুডিশিয়াল স্ট্যাম্পে চুক্তি সম্পাদন করতে হবে।
সরকারের নির্দেশনায় নির্ধারিত সময়ের মধ্যে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের কাজ শেষ করতে জেলা পরিষদগুলোকে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে। আগামী ৩১ জানুয়ারি ২০২৭-এর মধ্যে পুরো কার্যক্রম সম্পন্ন করার সময়সীমা নির্ধারণ করা হয়েছে।
মতামত দিন