জ্বালানি সাশ্রয়ে নতুন নির্দেশনা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ
বিশ্বব্যাপী জ্বালানি সংকটের প্রেক্ষাপটে দেশে জ্বালানি তেলের ব্যবহার কমাতে সরকার নতুন নির্দেশনা জারি করেছে। এতে বলা হয়েছে, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ আয়োজিত সভা, কর্মশালা ও প্রশিক্ষণ কর্মসূচিতে মাঠপর্যায়ের অংশগ্রহণকারীদের ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত করতে হবে। একান্ত প্রয়োজন ছাড়া সরাসরি (শারীরিক) উপস্থিতি এড়িয়ে চলতে হবে।
সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত একটি চিঠি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সকল সিনিয়র সচিব ও সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)সহ সংশ্লিষ্টদের কাছে পাঠিয়েছে।
চিঠিতে বলা হয়, বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় দেশে জ্বালানি তেল সাশ্রয়ের পাশাপাশি সরকারি কার্যক্রম নিরবচ্ছিন্ন ও কার্যকরভাবে পরিচালনা নিশ্চিত করা প্রয়োজন।
এই পরিস্থিতিতে মন্ত্রণালয় ও বিভাগ আয়োজিত বিভিন্ন কর্মসূচি—যেমন সভা, কর্মশালা ও প্রশিক্ষণে—মাঠপর্যায়ের অংশগ্রহণকারীদের ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে যুক্ত করা নিশ্চিত করতে হবে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, বিভাগীয় পর্যায়ের কর্মসূচিতে জেলা পর্যায় থেকে এবং জেলা পর্যায়ের কর্মসূচিতে উপজেলা পর্যায় থেকে অংশগ্রহণ ভার্চুয়াল মাধ্যমেই সম্পন্ন করতে হবে। যানবাহনের জ্বালানি সাশ্রয়ের জন্য একান্ত প্রয়োজন ছাড়া সরাসরি সভা এড়িয়ে চলতে হবে।
পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ নির্দেশনার যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে