Views Bangladesh Logo

গুম ও বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি বন্ধে কাজ করছে সরকার: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সরকার গুম ও বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি বন্ধ করতে কার্যকর উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, সরকার মানবাধিকার সুরক্ষা নিশ্চিত করতে কাজ করছে এবং ইতোমধ্যে বেআইনি গ্রেপ্তার ও মামলা বাণিজ্য অনেকাংশে নিয়ন্ত্রণে এসেছে।

মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর বিজয় সরণি সামরিক জাদুঘর মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে ‘সকল নারী ও বালিকার জন্য অধিকার, বিচার ও বাস্তবায়ন’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সেমিনারটি আয়োজন করেছে মানুষের জন্য ফাউন্ডেশন।

আইনমন্ত্রী বলেন, সরকার জনগণের কল্যাণ, মানবাধিকার ও নারীর অধিকারকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। এ লক্ষ্যেই বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের মাত্র ২১ দিনের মধ্যে জাতীয় পর্যায়ে ফ্যামিলি কার্ড ইস্যু কর্মসূচি চালু করা হয়েছে। প্রাথমিকভাবে প্রায় ৩৭ হাজার ফ্যামিলি কার্ড ইস্যু করা হয়েছে, যা পরিবারের গৃহকর্ত্রী বা নারী সদস্যের নামে দেওয়া হয়েছে।

আইনমন্ত্রী উল্লেখ করেন, দেশে নারীরা মৌলবাদীদের লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে, তাই নারীদের সচেতন করা অত্যন্ত জরুরি। সরকারের বিভিন্ন উদ্যোগের মাধ্যমে নারীদের সচেতন করা হচ্ছে, যা বাংলাদেশকে এগিয়ে যাওয়ার শক্তিশালী ভিত্তি প্রদান করবে।

নিজের দুই কন্যার উদাহরণ দিয়ে তিনি বলেন, শরিয়া আইনের বিধান অনুযায়ী তার অর্জিত সম্পদের পুরো অংশ তার মেয়েদের যাবে না, তাই বিকল্প আইনগত ব্যবস্থা প্রয়োজন।

বেআইনি গ্রেপ্তার ও মিথ্যা মামলা নিয়ন্ত্রণ বিষয়ে তিনি বলেন, সরকারের উদ্যোগে অনেকাংশে সমস্যা নিয়ন্ত্রণে এসেছে, তবে সবার সহযোগিতা থাকলে আরও কমানো সম্ভব।

দুর্নীতি প্রতিরোধে নাগরিক সমাজকে ওয়াচডগ হিসেবে ভূমিকা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিগত ১৬ বছরে বিদেশে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে, যা বিদেশে ‘বেগম পাড়া’, ‘সেকেন্ড হোম’ এবং বিভিন্ন রিসোর্টে ব্যয় হয়েছে।

আইনমন্ত্রী আশা প্রকাশ করেন, বিদেশে অর্থ পাচার বন্ধ হলে এবং তা দেশের মধ্যে থেকে নারীদের স্বাবলম্বী করার মাধ্যমে তাদের অধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধি পাবে। এতে নারীরা মৌলবাদের লক্ষ্যবস্তু থেকেও নিরাপদ থাকবে এবং তাদের অধিকার প্রতিষ্ঠা আরও শক্তিশালী হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ