হাদি হত্যা
অন্য দেশের কে কী বলল তা আমলে নেওয়ার বিষয় নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান হাদি হত্যা নিয়ে অন্য দেশের কে কী বলল তা আমলে নেওয়ার বিষয় নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বুধবার (৩ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
শামা ওবায়েদ বলেন, হাদি হত্যা নিয়ে অন্য কোনো দেশের ব্যক্তি বা নেতার মন্তব্য বাংলাদেশের জন্য আমলে নেওয়ার বিষয় নয়। এ ঘটনায় বিচার নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
হাদি হত্যা প্রসঙ্গে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক মন্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের বিচারিক ও তদন্ত প্রক্রিয়া নিজস্ব গতিতে এগিয়ে যাচ্ছে। অন্য দেশের কোনো মন্তব্যকে সরকার গুরুত্ব দিচ্ছে না।
তিনি বলেন, হাদি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করতে বাংলাদেশ বদ্ধপরিকর।
ব্রিফিংয়ে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে ড. খলিলুর রহমান নির্বাচিত হওয়ার বিষয়েও কথা বলেন শামা ওবায়েদ। তিনি বলেন, এটি বাংলাদেশের জন্য অত্যন্ত গৌরবের অর্জন এবং দেশের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থার প্রতিফলন।
প্রতিমন্ত্রী আরও বলেন, ড. খলিলুর রহমানের এই নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও আন্তর্জাতিক মর্যাদার স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে। শুধু জাতিসংঘ নয়, বিশ্ব সম্প্রদায়ের কাছেও বাংলাদেশের গ্রহণযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতা বেড়েছে বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর প্রসঙ্গে শামা ওবায়েদ জানান, বিভিন্ন দেশ থেকে সফরের আমন্ত্রণ এসেছে। তবে তিনি কোন দেশকে প্রথম সফরের জন্য বেছে নেবেন, সে সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর নিজস্ব বিবেচনার বিষয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে