ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী
দেশের জনঅর্থায়ন কাঠামো সংস্কারের মাধ্যমে ধীরে ধীরে স্থানীয় ব্যাংকের ওপর নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নের দিকে সরকার অগ্রসর হচ্ছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
রোববার রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত বাজেট পর্যালোচনা সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন।
অর্থমন্ত্রী বলেন, উচ্চ সুদে স্থানীয় ব্যাংক থেকে ঋণ নেওয়ার কারণে বেসরকারি খাতের বিনিয়োগ বাধাগ্রস্ত হচ্ছে। সরকার তাই ব্যাংক ঋণের ওপর নির্ভরতা কমিয়ে বাজারভিত্তিক ও বিকল্প অর্থায়নের উৎসের দিকে গুরুত্ব দিচ্ছে।
তিনি আরও বলেন, গত এক দশক ধরেই তিনি ব্যাংক ঋণ নির্ভরতা কমানোর প্রয়োজনীয়তার কথা বলে আসছেন। সরকারের উচ্চ সুদের ঋণ গ্রহণ ভবিষ্যতে পরিশোধের সক্ষমতার ওপরও চাপ তৈরি করছে।
বাজেট প্রণয়ন প্রসঙ্গে অর্থমন্ত্রী জানান, মাত্র দেড় মাসের প্রস্তুতিতে এবারের বাজেট তৈরি করা হয়েছে, যেখানে সাধারণত ছয় মাস সময় লাগে। তিনি দাবি করেন, পূর্ববর্তী সরকারের কাছ থেকে বিপুল বকেয়া বিল উত্তরাধিকার হিসেবে পাওয়া গেছে, যার মধ্যে বিদ্যুৎ খাতে প্রায় ৫০০ কোটি টাকার বকেয়া রয়েছে।
তিনি বলেন, বাজেটের বড় একটি অংশ—প্রায় ১ লাখ ২৫ হাজার কোটি টাকা—ঋণের সুদ পরিশোধেই ব্যয় হবে, ফলে সরকারের আর্থিক সক্ষমতা বা ‘ফিসকাল স্পেস’ সীমিত হয়ে আসছে।
সামাজিক সুরক্ষা কর্মসূচি নিয়ে তিনি বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে সরাসরি সুবিধাভোগীদের অ্যাকাউন্টে সহায়তা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে মধ্যস্বত্বভোগী ছাড়াই সহায়তা পাওয়া নিশ্চিত হয়।
শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ প্রসঙ্গে অর্থমন্ত্রী জানান, জিডিপির প্রায় ২ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দ রাখা হয়েছে এবং ভবিষ্যতে তা ৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি দক্ষ জনশক্তি গঠনে স্কিল ডেভেলপমেন্ট, রিস্কিলিং ও আপস্কিলিং কার্যক্রমে গুরুত্ব দেওয়া হচ্ছে।
সংলাপে আরও বক্তব্য দেন পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান, র্যাপিডের চেয়ারম্যান এম এ রাজ্জাক, বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী পারভেজ, বিজিএমইএর জ্যেষ্ঠ সহসভাপতি ইনামুল হক খান এবং গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি মন্টু ঘোষ।
মতামত দিন