মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গঠিত হতে যাওয়া নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে অংশ নিতে অন্তর্বর্তী সরকার চীন, ভারত ও পাকিস্তানসহ ১৩টি দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ জানিয়েছে বলে জানা গেছে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন অন্তর্বর্তী সরকারের একজন দায়িত্বশীল কর্মকর্তা।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, এ উপলক্ষ্যে ১৩টি দেশের সরকারপ্রধানকে শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আমন্ত্রিত দেশের তালিকায় রয়েছে— ভারত, চীন, সৌদি আরব, পাকিস্তান, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া, ব্রুনাই, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ ও ভুটান।
বিএনপি সূত্রে আরও জানা গেছে, সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত ব্যক্তিরা আগামী মঙ্গলবার শপথ নেবেন। ওই দিন সকালে তাঁদের শপথ পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। একই দিনে নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানও সম্পন্ন হবে।
এদিকে শপথের দিনটিকে (১৭ ফেব্রুয়ারি) ‘বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক দিন’ হিসেবে দেখছেন বিএনপির এক মুখপাত্র। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “দীর্ঘদিন পর একটি সুষ্ঠু নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে নতুন সরকার গঠন দেশের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করবে।”
একই সঙ্গে শপথ অনুষ্ঠানে আন্তর্জাতিক পর্যায় থেকে কারা প্রতিনিধিত্ব করবেন, তা নিয়েও রাজনৈতিক মহলে রয়েছে ব্যাপক কৌতূহল।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে